শেখ হাসিনা
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ। নয়া দিগন্ত
ads

পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আপনার অপকর্মের কারণেই সেদিন ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে স্বপ্ন আপনি দেখছেন, তা কখনোই পূরণ হবে না।’

তিনি বলেন, ‘ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা—দুই দিক থেকেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, ‘আমাদের দুই দিক থেকে শত্রুদের খোঁচাখুঁচি শুরু হয়েছে। দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী বলছে—ডিসেম্বরে আমাদের পদত্যাগে বাধ্য করবে। অন্যদিকে, বিদেশ থেকে একটি গোষ্ঠী এবং নিষিদ্ধ একটি সংগঠন বলছে, তাদের পতিত নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এসব সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের স্পষ্ট বলে দিতে চাই, বিএনপি ষড়যন্ত্র করে গঠিত কোনো বিনা ভোটের সরকার নয়; বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত সরকার।’

মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য নুরুল আমিন। মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান ও জসীম উদ্দিন।

এ ছাড়া বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব জসীম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্যসচিব কামরুল হাসান লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, হারুন অর রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু এবং সদস্যসচিব নাঈম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।