
বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেলেন সরকারদলীয় এমপি (লক্ষ্মীপুর-১ আসন) শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার বিকেলে চুক্তি সইয়ের ৬ ঘণ্টার মাথায় টার্মিনালটির অপারেশন শুরু করে প্রতিষ্ঠানটি। তবে নজিরবিহীন দ্রুততায় সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের অভিযোগ উঠেছে।
সিসিটি পরিচালনার জন্য মাত্র ৪৮ ঘণ্টার নোটিসে সীমিত দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে অনেক অভিজ্ঞ প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে না পারার অভিযোগ রয়েছে। একেবারে শেষ সময়ে খবর পেয়ে দরপত্র জমা দেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস। এতে অনেক হিসাব নিকাশই পাল্টে যায়। দরপত্র মূল্যায়নে এভারেস্ট হয় সর্বনিম্ন দরদাতা।
অভিযোগ উঠেছে, সুনির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দিতে প্রাক-যোগ্যতার শর্ত শিথিল, দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্যতার মানদণ্ড না রাখা এবং প্রি-বিড মিটিংও বাতিল করা হয়। কিন্তু এভারেস্টের সর্বনিম্ন দরের কারণে পাল্টে যায় সব হিসাব।
বন্দর সূত্র জানিয়েছে, দরপত্রে অংশ নেয়া ‘বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি’ দর দিয়েছিল ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪০০ টাকা। আর এভারেস্ট পোর্ট সার্ভিস দর দেয় ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। ফলে একদিকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সিসিটি পরিচালনার জন্য যোগ্য বিবেচিত হয় এভারেস্ট। অন্য দিকে বন্দরের সরাসরি সাশ্রয় হয় ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।
মোট চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও অন্য দু’টি প্রতিষ্ঠান জামানত না দেয়ায় আগেই বাতিল হয়।
সোমবার সব আনুষ্ঠানিকতা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মো: সারোয়ারুল ইসলাম এভারেস্টের অনুকূলে কার্যাদেশ দেন। চুক্তি অনুযায়ী, ২৪ নভেম্বর ২০২৬ থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত ৬ মাস টার্মিনালটি পরিচালনা করবে এভারেস্ট। সোমবার দিবাগত রাত ১২টার পর হতেই সিসিটির দায়িত্ব বুঝে নেয় এভারেস্ট পোর্ট সার্ভিস।
শাহাদাত হোসেন সেলিম এমপি নয়া দিগন্তকে বলেন, দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতিই সিসিটির বিশেষায়িত কাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা দ্রুততার সাথে চুক্তি সম্পাদনের মাত্র ৬ ঘণ্টার মধ্যে দায়িত্ব বুঝে নিতে হয়েছে। ফলে আমরা প্রস্তুতির সময়ও পাইনি। যেহেতু আমরা ৪০ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান সেজন্য আমরা চ্যালেঞ্জ নিয়েই কাজ করব। তিনি বলেন, ৪০ বছর ধরেই আমরা এই কাজ করছি। বিশেষায়িত এই কাজে আমাদের অভিজ্ঞতার কমতি নেই। বন্দরের সুনাম অক্ষুণœ রাখা এবং ব্যবহারকারীরা যাতে নিরবচ্ছিন্ন সর্বোচ্চ সেবা পায় সেজন্য আমরা কাজ করব। দ্রুতই সবগুলো ইকুইপমেন্টের ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









