ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ইউএনডিপির সাথে সরকারের চুক্তি
ads


দেশের ৬১টি জেলার প্রায় আট কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড (আধুনিকায়ন) করতে ভূমি মন্ত্রণালয় ও জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগে মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ ও ইউএনডিপি যৌথভাবে কাজ করবে। গত সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: পারভেজ হাসান ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস চুক্তিতে সই করেন।
সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে হোল্ডিং ও খতিয়ানের তথ্য যুক্ত হলে নাগরিকরা অনলাইনে তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনার দুর্বলতায় সাধারণ মানুষ দালাল ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে ভুগত; নির্ভুল ডিজিটাল রেকর্ড বিরোধ কমিয়ে স্বচ্ছ সেবা নিশ্চিত করবে। বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প অনুযায়ী সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে। বিজ্ঞপ্তি।