কেরানীগঞ্জে বাড়িতে হামলার ঘটনায় গুলিবিদ্ধ প্রবাসীর পা বিচ্ছিন্ন
ads

ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে আওয়ামী লীগ নেতা নুর আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গুলিবিদ্ধ কুয়েতপ্রবাসী আলম মিয়ার (৭০) বাম পা বিচ্ছিন্ন করতে হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলেন চিকিৎসকরা। দীর্ঘ ৩০ বছর প্রবাসে থাকা এই ব্যক্তি এখন পঙ্গুত্বের শিকার।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নুর আলমের বাড়িতে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় গুলিতে নুর আলমের ছেলে রিপাই মাহমুদ লিয়ন (১৮) ও তার শ্বশুর আলম মিয়া আহত হন। শনিবার ভোরে তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আলম মিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
নুর আলমের দাবি, হামলাকারীদের কাছে শটগানসহ পাঁচ থেকে সাতটি অত্যাধুনিক অস্ত্র ছিল। তারা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালায়। এতে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
পারভীন বেগম বলেন, তার বাবা আলম মিয়া দীর্ঘ ৩০ বছর কুয়েতে ছিলেন। ২০২৪ সালে দেশে ফেরার পর মেয়ের বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন। তার ছেলে রিপাই মাহমুদ লিয়নও গুলিবিদ্ধ হন।
পারভীন বেগমের অভিযোগ, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা ওরফে পায়েল, থানা ছাত্রদলের এক সদস্য, তাদের খালাতো ভাই নিরব, ফজল মেম্বারের ছেলে সিয়াম, শওকতসহ ২০-৩০ জন এ হামলায় অংশ নেন।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও তা এখনো মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে দাবি করেছেন নুর আলম। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বাড়িতে হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।