ফসলের অপচয় রোধে সৌর হিমাগার ব্যবহারের তাগিদ পরিবেশমন্ত্রীর
ads


ফসল তোলার পর অপচয় কমানো এবং ফল ও সবজির গুণগত মান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, হিমাগারের সাথে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাদের আয় বাড়বে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও বিদ্যুৎ সরবরাহের অনিয়মের কারণে বাজারে পৌঁছানোর আগেই অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়।
রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি তৈরি করা হয়েছে। এ অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য হিমাগার স্থাপনে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তা করবে।
পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে অর্থায়ন করেছে জাতিসঙ্ঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসঙ্ঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)। 
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য দেন। তথ্য বিবরণী।