নামের ভুলে ১৮ বছর কারাবাস ৪ সপ্তাহের জন্য বাড়ি ফিরছেন বাদল ফরাজি
ads

মো: আজিজুল হক গাজীপুর
তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়ে নামের মিলের কারণে জড়িয়ে পড়েছিলেন হত্যা মামলায়। সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পর কেটে গেছে জীবনের দীর্ঘ ১৮ বছর। ভারতের কারাগারে প্রায় ১০ বছর এবং দেশে ফেরার পর আরো আট বছর বন্দিজীবন। দীর্ঘ অপেক্ষা ও মুক্তির আকাক্সক্ষার মধ্যে অবশেষে পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। মানবিক বিবেচনায় চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিরাপত্তায় নিজ বাড়ি মোংলার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নেয়।
জিএমপি কমিশনার মো: আশিক সাঈদ জানান, বাদল ফরাজিকে নিরাপদে বাগেরহাটে পৌঁছে দিতে মহানগর পুলিশের একটি দল এসকর্টের দায়িত্ব পালন করেছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও তার প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা আদেশে বাদল ফরাজির চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেয়া হয়। সরকারের বিশেষ সিদ্ধান্তে প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর (খ) ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ মানবিক বিবেচনায় বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোল দেয়া হয়েছে। এটি বন্দীদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আইনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলাদা গবেষণাও করতে পারবেন।
বাদল ফরাজির মুক্তির প্রক্রিয়ায় সহযোগিতা করেছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 
তাজমহল দেখতে গিয়ে কারাগারে
বাদল ফরাজির কারাবাসের শুরু ২০০৮ সালে। ওই বছরের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। এ ঘটনায় ভারতীয় পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তার ভারতে যাওয়া। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেফতার দেখায়। নামের মিলই শেষ পর্যন্ত তাকে ভয়াবহ এক পরিণতির দিকে ঠেলে দেয়।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
ভারত থেকে দেশে ফিরেও মুক্তি মেলেনি
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজি। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। 
কিন্তু দেশে ফিরেও শেষ হয়নি তার বন্দিজীবন। পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার চার সপ্তাহের জন্য হলেও পরিবারের কাছে ফেরার সুযোগ তৈরি হয়েছে।