রফতানিমুখী প্রাণিসম্পদ গড়তে কাল শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
ads

 নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী করে তোলা, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬-২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচি উদযাপন করা হবে। এবারের আয়োজনে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পদক তুলে দেবেন।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান ছাড়াও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে।
তিনি জানান, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন।
সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে এ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা। দুধ, গোশত ও ডিম উৎপাদনেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন গোশত এবং প্রায় দুই হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে অর্জিত এ উৎপাদন দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
মন্ত্রী আরো বলেন, প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেই নয়, গ্রামীণ অর্থনীতির বিকাশেও অবদান রাখছে। এ খাতের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের সুযোগ তৈরি হচ্ছে। এসব অর্জন ও সম্ভাবনা কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতকে একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বিকাশমান উপখাতে পরিণত করেছে।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।