মহাকাশে রুশ হুমকি মোকাবেলায় প্রস্তুত ন্যাটো
মার্ক রুটে।
ads

এএফপি
রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে- সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চলতি মাসেই ন্যাটো সদস্যদেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা রিপোর্ট আদান-প্রদান করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া মহাকাশে অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে কোন দেশ এই গোয়েন্দা রিপোর্টটি তৈরি করেছে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে ন্যাটো মহাসচিব জানান, জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড সুরক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং মহাকাশের নিরাপত্তাও এই প্রতিশ্রুতির আওতাভুক্ত। বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্ক রুতে আরো বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ন্যাটোর হাতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে। তারা নিয়মিত নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা পর্যালোচনা করেন এবং প্রয়োজনমাফিক তা হালনাগাদ করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুং জানিয়েছে, ওই রুশ স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড যুক্ত রয়েছে। যোগাযোগ ও নজরদারিসহ অন্যান্য কাজে ব্যবহৃত স্যাটেলাইট অকেজো বা ধ্বংস করতে এটি ব্যবহার করা হতে পারে। বার্লিনের সংবাদ সম্মেলনে মার্ক রুতের পাশে উপস্থিত থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রাশিয়ার এই পরিকল্পনার খবরটি নিশ্চিত বা অস্বীকার- কোনোটাই করেননি। তবে তিনি মন্তব্য করেন, রাশিয়া উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত, তা এসব তথ্য থেকেই স্পষ্ট। তার মতে, মহাকাশে পারমাণবিক অস্ত্র নেয়ার রুশ পরিকল্পনার খবর নতুন না হলেও এটি অত্যন্ত উদ্বেগজনক। এর আগে এএফপির খবরে জানানো হয়েছিল, জার্মান সরকারের একজন মুখপাত্রও খবরগুলো নিশ্চিত বা অস্বীকার না করে বলেছিলেন, সরকার বিষয়টি ‘গুরুত্বের সাথে’ পর্যবেক্ষণ করছে।