মাওলানা ফজলুর রহমানের বাসভবনের সড়ক খুলে দিলো পুলিশ, আজ হাইকোর্টে শুনানি
মাওলানা ফজলুর রহমান। ফাইল ছবি
ads

পাকিস্তানের লাহোরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের অবস্থানস্থলে যাওয়ার সড়ক থেকে কনটেইনার সরিয়ে নিয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সড়কগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রহমান লাহোরের চুহাং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।

আরো পড়ুন : লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ, চলাচলে নিষেধাজ্ঞা

মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে বক্তব্য দেয়ার কথা ছিল তার। তবে পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার সড়কগুলোতে কনটেইনার বসিয়ে বন্ধ করে দেয়। এতে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

এদিকে মাওলানা ফজলুর রহমানকে উদ্ধারের আবেদন আজ বুধবার শুনানির জন্য নির্ধারণ করেছেন লাহোর হাইকোর্ট। আবেদনে পাঞ্জাবের আইজিপি ও লাহোরের ডেপুটি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের অল-পার্টি কনফারেন্সে (এপিসি) অংশ নেয়ার কথা ছিল মাওলানা ফজলুর রহমানের। কিন্তু পুলিশ তার বাসভবন ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

আবেদনটি গতকাল মঙ্গলবারই শুনানির জন্য নেয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে বিচারপতি জাওয়াদ জাফর আজ সকাল ৯টায় এর শুনানির দিন ধার্য করেছেন।