ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের অবৈধ ড্রেজারবিরোধী অভিযান
উপজেলার উত্তর চান্দলা এলাকায় এ অভিযান চালানো হয়। নয়া দিগন্ত
ads

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিস্তীর্ণ ফসলি মাঠের পাশের জলাশয়ে ভাসমান ড্রাম ও পাইপ স্থাপন করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার উত্তর চান্দলা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির কাছাকাছি অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করা হলে আশপাশের কৃষিজমি ভাঙন ও ধসের ঝুঁকিতে পড়তে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও কৃষকদের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষায় ফসলি জমির আশপাশে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে এ কাজে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় ড্রেজার স্থাপন করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখতে হবে।