গণহত্যা মামলায় ইসরাইলের পরাজয়ের শঙ্কা আন্তর্জাতিক আইনের গবেষকের
এলিয়াভ লিবলিচ।
ads

মিডলইস্ট আই
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত সপ্তাহে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করতে যে যুক্তি ব্যবহার করেছে, সেই একই যুক্তি প্রয়োগ করলে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ইসরাইল সম্ভবত হেরে যাবে। ইসরাইলের আন্তর্জাতিক আইনবিষয়ক এক গবেষক ও অধ্যাপক এই মন্তব্য করেছেন।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এলিয়াভ লিবলিচ বলেন, আমরা যে এই পর্যায়ে পৌঁছেছি, তা অত্যন্ত খারাপ। এটি একটি সত্যিকারের ভূমিকম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হিব্রু ভাষায় দেয়া ধারাবাহিক পোস্টে তিনি লেখেন, আদালতকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে লাফিয়ে পড়ার আগে ইসরাইলের উচিত মূলত নিজেকেই দোষারোপ করা। এমনকি আপনি যদি সংখ্যাগরিষ্ঠ বিচারকের প্রতিটি আইনি পয়েন্টের সাথে দ্বিমতও পোষণ করেন, তবুও কোনো যুক্তিসঙ্গত দেশেরই এই নির্ধারিত মানদণ্ডের ধারে কাছেও ব্যর্থ হওয়া উচিত নয়। অনেক দিক থেকেই নেতানিয়াহু সরকার নিজেই নিজের এই গর্ত খুঁড়েছে।
গত বৃহস্পতিবার আইসিজে ৯-৬ ভোটে দেয়া এক রায়ে উপসংহার টেনেছে যে, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত কর্তৃক কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করার এটিই প্রথম ঘটনা। এই রায় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার করা মামলায় একটি গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে কাজ করবে। বিশেষ করে, কোনো রাষ্ট্র যখন দাবি করে যে তাদের সামরিক পদক্ষেপগুলো নিরাপত্তার উদ্দেশ্যে পরিচালিত, তখন বিচারকরা কিভাবে ‘গণহত্যার অভিপ্রায়’ বা উদ্দেশ্য মূল্যায়ন করেন, সেক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।
গণহত্যা প্রমাণ করার জন্য আইসিজেকে প্রথমে প্রমাণ করতে হয়েছিল যে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এবং এরপর প্রমাণ করতে হয়েছিল যে ওই গোষ্ঠীটিকে ধ্বংস করার পেছনে মিয়ানমার রাষ্ট্রের একটি ‘সুনির্দিষ্ট অভিপ্রায়’ ছিল। গণহত্যার অভিপ্রায় খুব কমই সরাসরি বা স্পষ্টভাবে প্রকাশ করা হয়, তাই আদালত সাধারণত পারিপার্শ্বিক প্রমাণের ওপর নির্ভর করে। আর যেখানে সামরিক উদ্দেশ্যের মতো বিভিন্ন সম্ভাব্য অভিপ্রায় থাকে, সেখানে আদালত খতিয়ে দেখে যে ওই আচরণের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা গণহত্যা কি না।
মিয়ানমার যুক্তি দিয়েছিল যে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের অভিযান ছিল একটি বিদ্রোহ দমন অভিযান এবং তাদের আচরণের পেছনে রোহিঙ্গাদের বিতাড়িত করা বা বেসামরিক জনগণকে শাস্তি দেয়ার মতো অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু আদালত এই সব ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন যে, মিয়ানমারের আচরণ থেকে ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’ হলো গণহত্যা।
লিবলিচ যুক্তি দেন যে, ইসরাইলি কর্মকর্তারা নিজেরাই গণহত্যার অভিপ্রায়ের এমন সব প্রমাণ দিয়েছেন, যা প্রমাণ করা মিয়ানমারের মামলার চেয়েও সহজ। তিনি বলেন, রোহিঙ্গাদের সম্পর্কে মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যেসব বক্তব্যের ওপর আদালত নির্ভর করেছে, ‘নেতানিয়াহু-বেন গাভির-স্মোট্রিচ গ্যাং’-এর মুখ থেকে যা বেরিয়েছে তার তুলনায় সেগুলো খুবই মৃদু মনে হয়। এর সাথে পশ্চিমতীরে চালানো তাণ্ডব যোগ করলে, আমার মতে ইসরাইল অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে।
সংখ্যাগরিষ্ঠ ৯ জন বিচারক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সহিংসতার মাত্রা ও ধরন প্রমাণ করে যে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান। অন্যদিকে, ভিন্নমত পোষণকারী ছয়জন বিচারক স্বীকার করেছেন যে মিয়ানমারের বাহিনী গুরুতর নৃশংসতা চালিয়েছে, তবে তারা এর প্রমাণিত মাত্রা ও ব্যাপ্তিকে সঙ্কীর্ণ দৃষ্টিতে দেখেছেন। তারা জোরপূর্বক বাস্তুচ্যুতিকে একটি যুক্তিসঙ্গত বিকল্প ব্যাখ্যা হিসেবে বিবেচনা করেছিলেন, যার অর্থ দাঁড়ায় গণহত্যার অভিপ্রায় প্রমাণের মানদণ্ড পূরণ হয়নি।