খুমীদের পক্ষে আমিই দৃষ্টান্ত গড়তে চাই
খ্রেই লিং খুমী।
ads

 রফিকুল হায়দার ফরহাদ

কয়েকদিন আগে শেষ হয়েছে উঠতি নারী গোলরক্ষকদের বিশেষ প্রশিক্ষণ। নারী হকির অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানহীন গোলরক্ষক। তাই আগামীতে যেন ভালো মানের গোলরক্ষক পাওয়া যায় এ জন্য ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং হকি ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী চলা হকি প্রশিক্ষণের অংশ ছিল এই গোলরক্ষকদের ট্রেনিং। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অংশ নেয়া ২৩ খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন খুমী সম্প্রদায়ের। নাম তার খ্রেই লিং খুমী। বান্দরবান জেলার রুমা থানার এই মেয়ে হকিতে আসা প্রথম খুমী খেলোয়াড়। সপ্তম শ্রেণীতে পড়া এই খ্রেই লিং খুমী জানান, ‘আমি আমার সম্প্রদায়ের মধ্যে প্রথম হকি খেলোয়াড়। আমি প্রথম খুমী নারী হকি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে খেলে ইতিহাস গড়তে চাই।’
খ্রেই লিং ছিলেন ফুটবল দলের গোলরক্ষক। বান্দরবান জেলা দলের হয়ে বান্দরবান স্টেডিয়ামে ম্যাচ খেলেছেন। সেখানে গোলকিপিং করে তিনটি ম্যাচ জিতিয়েছেন। জানান, ‘আমি কিন্তু দারুণ দারুণ সেভ করেই দলকে জিতিয়েছি।’ ফুটবলের পাশাপাশি হকিতে আসার নেপথ্য উল্লেখ করে খ্রেই লিং খুমী জানালেন, ‘ফুটবলেও আমি গোলকিপিং করতাম। তাই দেখলাম আমার পক্ষে হকিতেও গোলকিপিং করা সম্ভব।  এ জন্যই আমি হকিতে গোলকিপিং করা শুরু করেছি।’
হকি স্টেডিয়ামে কোচের অধীনে ট্রেনিং করার সময় বেশ সিরিয়াস দেখা গেল পাঁচ বোন আর তিন ভাইয়ের এই খ্রেই লিং খুমীকে। কৃষক বাবা-মায়ের পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট তিনি। জানান, ‘আমি বাংলাদেশ দলে খেলতে চাই। এ জন্য শতভাগ সিরিয়াস অনুশীলনে।’ বাংলাদেশের হকিতে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই তার প্রিয় নয়। উল্টো জানান, ‘আমি এখন পারফরম্যান্স করতে চাই যাতে সবার কাছে আমি প্রিয় ও আদর্শ খেলোয়াড় হতে পারি।’
বান্দরবান শহরে হোস্টেলে থেকে লেখাপড়া ও খেলাধুলা করছেন খ্রেই লিং। রুমা থানায় তাদের বাড়ি থেকে বান্দরবান শহরের দূরত্ব আট কিলোমিটার। নদীপথে এই দূরত্ব পেরোতে এক ঘণ্টা লাগে। গুনতে হয় ১০০ টাকা। খ্রেই লিং খুমী জানান, ‘একবার কোচ আমাকে বললেন খেলার জন্য শহরে আসতে। আমিও প্রস্তুত হলাম খেলতে আসার জন্য। তবে এরপর প্রবল বৃষ্টির জন্য আর আসতে পারিনি। এ ছাড়া ১০০ টাকা জোগাড় করতে না পারার কারণে বহুবার খেলতে যেতে পারিনি।’ এসব বাধাই তাকে বান্দরবানে হোস্টেলে থাকতে বাধ্য করেছে।
বাংলাদেশের নারী হকিতে পার্বত্য জেলার চাকমা সম্প্রদায়ের খেলোয়াড় আছেন। পুরুষদের হকিতে পুস্কর খিসা মিমোতো জাতীয় দলের প্রতিনিধি। তবে খুমী সম্প্রদায় থেকে এই প্রথম পাওয়া গেল খ্রেই লিং খুমীকে। জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় শহীদুল্লাহ খোকন জানান, আমরা খেলোয়াড়ি লাইফে খুমী সম্প্রদায়ের কোনো খেলোয়াড়কে পাইনি। একই সুরে কথা বললেন হকি ফেডারেশনের নারী হকি কমিটির কর্মকর্তা তারিকুজ্জামান নান্নুও।