
নয়া দিগন্ত ডেস্ক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ওআওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হওয়ার পাশাপাশি চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী খুনি ফ্যাসিস্ট হাসিনা যেখানে থাকুক না কেন, তার রায় হয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
গোপালগঞ্জে গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর দুই গ্রামবাসী শহরের গোল চত্বর এলাকায় জড় হয়। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামবাস নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোবির মোল্লার ছেলে জাহিদ মোল্লা। গুলিবিদ্ধ সবার বাড়ি চর মানিকদাহ গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামে পুলিশ লাইনসে ককটেল হামলা, পিরোজপুরে প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্য দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ফাঁসির মঞ্চের হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরো একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে এর বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই যুবক পুলিশ লাইনসের সামনে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে দু’টি ককটেল সড়কের ওপর বিস্ফোরিত হয়। পরে তারা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের পর সড়কে পড়ে থাকা অপর ককটেলটি উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেছেন, খুনি ফ্যাসিস্ট হাসিনা যেখানে থাকুক না কেন, তার রায় হয়ে গেছে। বাংলাদেশ নয়, তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। তার একটাই স্থান, একটাই গন্তব্য ফাঁসির মঞ্চ।
গতকাল ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।
তিনি বলেন, হাসিনার বিচার তো হয়েছে এবং তার সাথে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি, আপনারা আর ষড়যন্ত্রের দিকে আগাবেন না।
বিক্ষোভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
গুলিবিদ্ধদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা মিছিলে হামলা ও গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। যেই জড়িত থাকুক প্রশাসনের প্রতি আহ্বান দোষীদের অতিদ্রুত গ্রেপ্তার করুন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









