
খালিদ সাইফুল্লাহ
রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দলগুলো। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের বিষয়েও একমত তারা। তবে গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় ১১ দল।
সম্প্রতি দেশে চরম অস্থিরতা দেখা দিয়েছে। গার্মেন্ট সেক্টরে শ্রমিকদের আন্দোলনের বাইরের ইন্ধনে সহিংস পরিস্থিতি, নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরকার ও বিরোধীদলীয় এমপি ও নেতাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ, জুলাই আন্দোলনকারী ও ডাকসুর নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ প্রায় ২২টি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছে পতিত আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী। বিশেষ করে আগামী ডিসেম্বর ভারতে পলাতক শেখ হাসিনা আবার ফিরে আসবেন এমন প্রচারণা চালিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ এবং দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন একান্ত বৈঠকও করেন। সূত্র জানিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও বৈঠক করতে চেয়েছিলেন। তবে নাহিদ ইসলাম বিদেশে থাকায় সে বৈঠক অনুষ্ঠিত হয়নি। তারই অংশ হিসেবে গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্যের নেতাদের সূত্রে জানা যায়, তারা সরকারের পক্ষ থেকে এখনো বৈঠকের কোন আমন্ত্রণ পাননি।
এরমধ্যে গত রোববার মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠকে মিলিত হন ১১ দলের শীর্ষ নেতারা। সেখানে সরকার যদি তাদের সংলাপের আমন্ত্রণ জানায় তাহলে তাকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দলগুলোর নেতারা। সরকারের ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের সাথেও একমত তারা। তবে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় ১১ দল।
১১ দলের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার নয়া দিগন্তকে বলেন, এখনো আমরা সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে কোন চিঠি বা আমন্ত্রণ পাইনি। আর আমন্ত্রণ পেলেও আমরা এককভাবে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমন্ত্রণ জানালে ১১ দল একসাথে সরকারের সাথে সংলাপে যাওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১ দলের আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ নয়া দিগন্তকে বলেন, সংলাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোন যোগাযোগ করা হয়নি। তবে ১১ দলের সিদ্ধান্ত আছে সরকারি যদি সংলাপে ডাকে সেক্ষেত্রে আমরা সব দল একসাথে সরকারের সাথে বসবো। তিনি বলেন, সরকারের সাথে সংলাপ হোক বা না হোক আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাব। দলগতভাবে এবং ১১ দলের উদ্যোগেও আমাদের কর্মসূচি থাকবে। মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, শুধু মুখে মুখে ঐক্যের কথা বললেই হবে না, জাতীয় ঐক্য গড়তে হলে সরকারকে আমাদের দাবি মানতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো ধরনের ঐক্যে যাবো না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নয়া দিগন্তকে বলেন, সরকারের পক্ষ থেকে জামায়াতকে এখনো সংলাপের বিষয়ে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তবে ১১ দলের বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ ও সংবিধান সংস্কারের প্রশ্নে একনীতিতে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আর বৈঠক ডাকলে যেন সবদলকে একসাথে নিয়ে বসা হয় সে বিষয়ে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন তারা।
১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ নয়া দিগন্তকে বলেন, সংলাপের বিষয়ে আমরা এখনো কোনো কিছু জানি না। আর গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে আমরা আগের অবস্থানেই আছি। এটি না মানলে কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠার কোনো সুযোগ নেই। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিষয়ে সব দল একমত রয়েছে বলেও তিনি জানান।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বিরোধীদলীয় নেতার সাথে বৈঠকের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাদের সাথে গতকাল বৈঠক করেছেন। আর দলগুলোর সাথে বৈঠক শুরু হতে পারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফেরার পর থেকে। বিরোধীদলীয় নেতার দেশ দু’টি সফর করে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









