প্রধানমন্ত্রীর সাথে এনসিপির বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে এনসিপি নেতারা মতবিনিময় করেন: পিআইডি।
ads

  • জুলাই সনদ বাস্তবায়ন
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন
  • শেখ হাসিনাকে ফেরানো
  • গণহত্যার বিচার দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে রাষ্ট্র সংস্কারকে জাতীয় ঐক্যের অন্যতম প্রধান এজেন্ডা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন- গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। এ জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধের বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগসহ চার দফা দাবি জানিয়েছে এনসিপি। 
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। বেলা ১টার দিকে শুরু হওয়া বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলে আরো ছিলেন দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে। সংবিধান সংশোধনের জন্য বিদ্যমান একদলীয় কমিটি বাতিল করে গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে নিয়ে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করা প্রয়োজন। 
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কোথায় রাজনৈতিক দলগুলোর মতৈক্য সম্ভব, তা চিহ্নিত করতে হবে। প্রধানমন্ত্রীও ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এনসিপি মনে করে, সংস্কারও এই ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
নাহিদ ইসলামের মতে, গণতন্ত্রকে টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও স্বাধীন করতে হবে; অন্যথায় অর্থনৈতিক স্থিতিশীলতা ও দেশী-বিদেশী বিনিয়োগের পরিবেশও নিশ্চিত হবে না। 
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিও তুলে ধরেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এর পেছনে বিচারপ্রক্রিয়ায় ধীরগতি, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থানের ঘাটতি এবং ভারতের সাথে কূটনৈতিক অবস্থান আরো স্পষ্ট না হওয়ার মতো বিষয় রয়েছে বলে তারা মনে করেন। 
জুলাই গণ-অভ্যুত্থানের অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলাপর্যায়ের মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দাখিল ত্বরান্বিত করার দাবি জানান তিনি। জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার এবং জুলাইযোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন। 
গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, নতুন চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের জন্যও যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। 
ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে বিভিন্ন তৎপরতা চলছে। বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার বিষয়ে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। একই সাথে দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানান তিনি। 
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান লড়াই কোনো দলের একক রাজনৈতিক লড়াই নয়; এটি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার লড়াই। এ জন্য দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে। 
বৈঠক নিয়ে সন্তুষ্টির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, সন্তুষ্টি নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের ওপর। শুধু আলোচনার জন্য আলোচনা নয়, সরকার বাস্তবে কী উদ্যোগ নেয়, তা দেখতে চায় এনসিপি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি সরকার আলোচনা করবে। 
তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাইয়ের আকাক্সক্ষা, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব। সরকার কার্যকর পদক্ষেপ নিলে আলোচনার ফল দৃশ্যমান হবে; অন্যথায় জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। 
বিদেশী বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশী বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরে। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশী বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলেও জানান।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতি মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।