প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : রফিকুল ইসলাম খান
ads

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদতা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই সন্তান। তাদের অবহেলা বা করুণার চোখে না দেখে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার সাথে পাশে দাঁড়াতে হবে। তাদের প্রতিভা বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া আমাদের সবার দায়িত্ব।
গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এবিসি মাঠে ‘দোস্ত এইড সোসাইটি’র উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, প্রতিবন্ধীদের যথাযথ সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক কর্তব্যও। 
বিশেষ অতিথির বক্তব্যে দোস্ত এইড সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনূর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান; আমরা বিনামূল্যে টিউবওয়েল, ঈদসামগ্রী, হুইলচেয়ার ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে থাকি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সংস্থার অঞ্চলপ্রধান আবুল কায়েস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, ব্যবসায়ী আবদুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।