বগুড়ায় ১১ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানা কাজে আসছে না
ads

বগুড়া অফিস

বগুড়ায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধনের সাত মাস পেরিয়ে গেলেও চালু হয়নি। জনবল নিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে অবকাঠামোটি পড়ে রয়েছে অব্যবহৃত। ফলে পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই ও গোশত প্রক্রিয়াকরণের উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে বগুড়া মহানগরীর জয়পুরপাড়ায় ৫০ শতক জমির ওপর কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও গোশত প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে। এর মাধ্যমে যত্রতত্র পশু জবাই বন্ধ, পরিবেশ দূষণ রোধ এবং স্বাস্থ্যসম্মত গোশত সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা ছিল।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ মার্চ নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর চলতি বছরের ৩০ মার্চ কাজ শেষ হয়। গত ১৭ মে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কসাইখানাটির উদ্বোধন করেন। পরে এটি বগুড়া সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। জনবল নিয়োগের পর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, কসাইখানাটি চালু হলে সেখানে জবাই ও প্রক্রিয়াজাত করা গোশত সিটি করপোরেশনের সিল দেয়া হবে। সিলবিহীন গোশত না কেনার বিষয়ে জনগণকে সচেতন করা হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকায় পরিবেশ দূষণের আশঙ্কাও থাকবে না। তবে এটি পরিচালনায় প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হতে পারে।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো: নুরুল ইসলাম জানান, পরিচালন ব্যয় বেশি হওয়ায় সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় কসাইখানাটি চালানো কঠিন। তাই ভাড়া বা টেন্ডারের মাধ্যমে লিজ দিয়ে পরিচালনার চিন্তাভাবনা চলছে।
এ দিকে নির্মাণ ও উদ্বোধনের পরও কসাইখানাটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তাদের প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি কবে কাজে আসবে? দ্রুত জনবল নিয়োগ ও কার্যকর পরিচালনা ব্যবস্থা নিশ্চিত করে কসাইখানাটি চালুর দাবি জানিয়েছেন তারা।