
রুহুল আমিন আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই জেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী ও সাধারণ মানুষকে।
তবে সম্প্রতি তাদের দীর্ঘদিনের দাবি পূরণে এখানে একটি সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার হয়েছে।
নদীর এক পাশে নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা এবং অপর পাশে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের উত্তর ভাটোপাড়া। দুই পাড়ে রয়েছে বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু সেতু না থাকায় স্বাধীনতার পর থেকেই এ ঘাটে নৌকায় নদী পারাপার হয়ে আসছেন স্থানীয়রা। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে পারাপার আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের পড়তে হয় চরম দুর্ভোগে। শুষ্ক মৌসুমেও কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনে ভোগান্তির শেষ নেই। বিকল্প সড়ক ব্যবহার করতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থার অভাবে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। উত্তর ভাটোপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, নদীর ওপারে ধানের দাম মণপ্রতি প্রায় ১২০০ টাকা হলেও যোগাযোগ সমস্যার কারণে এপারে অনেক সময় এক হাজার টাকায় ধান বিক্রি করতে হয়। এতে প্রতি মণে ২০০ টাকা বা তারও বেশি লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। একই সাথে জরুরি রোগীদের হাসপাতালে নেয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান শাকিল বলেন, নদীর দুই পাড়ের অনেক মানুষের বাড়ি ও কৃষিজমি আলাদা পাশে অবস্থিত। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন, খাজুরা বাজারে যাতায়াত এবং শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। খাজুরায় আলিম মাদরাসা ও উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হতে হয়। সেতু নির্মিত হলে দুই এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
থলওলমা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন বহু মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হন। এখানে সেতু নির্মাণ হলে দুই এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। একই গ্রামের মেহেদী হাসানের মতে, সেতুটি নির্মিত হলে আত্রাই ও নলডাঙ্গার ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন।
প্রায় ২৬ বছর ধরে গ্রাম চিকিৎসক হিসেবে কাজ করা রাকিব ডাক্তার বলেন, রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে নদী পারাপারের দুর্ভোগ তাকে নিয়মিত দেখতে হয়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত জরুরি। নলডাঙ্গার খাজুরা লাহিড়ীপাড়ার বাসিন্দা বিষ্ণুপদ সরকার বলেন, দীর্ঘদিন ধরে এ পথে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। সেতু হলে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারবে।
আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার জানান, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট দুই উপজেলার সমন্বয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
এ দিকে নলডাঙ্গার খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম জানান, সেতুটি নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী প্রতিশ্রুতি। অন্য দিকে স্থানীয়রা জানান, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
দুই জেলার সীমান্তবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এখন দ্রুত সেতু নির্মাণই এলাকাবাসীর প্রধান দাবি। তাদের প্রত্যাশা, শুধু ডিপিপিতে প্রস্তাব অন্তর্ভুক্ত করেই যেন উদ্যোগ থেমে না থাকে। দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে যেন গড়ে তোলা হয় স্থায়ী যোগাযোগব্যবস্থা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









