
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ চেষ্টার পর তার পরিবারের খোঁজখবর নিতে বাড়ি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী ও বিএনপির দু’জন সংসদ সদস্য। গত রোববার রাতে জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দুই সংসদ সদস্য পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। চোরাগোপ্তা হামলা করে ক্ষমতায় ফেরার ব্যর্থ চেষ্টা করছে। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রীসহ সরকার, বিরোধী দল ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র রুখে দেবে।
বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করেছে পুলিশ। এই চারজন আওয়ামী লীগের কোন পদে কোথায় আছে, সেটিও ফাইন্ড আউট করেছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









