
- উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার
- আদার উৎপাদন লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না
টমেটো, কাঁচামরিচ ও আদার আমদানিনির্ভরতা কমিয়ে আগামী দুই বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উৎপাদন বাড়ানো, উন্নত জাতের চাষ এবং মৌসুমের বাইরে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। তবে আমদানির পরিসংখ্যান বলছে, লক্ষ্য অর্জনে বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে চলতি অর্থবছরের পাঁচ মাস পূর্ণ হওয়ার আগেই টমেটো আমদানি আগের সব রেকর্ড ছাড়িয়েছে। কাঁচামরিচের বার্ষিক উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও মৌসুমি সঙ্কটে আমদানি করতে হচ্ছে। আর আদার উৎপাদন এখনো চাহিদার তুলনায় অনেক কম। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বাড়াতে না পারলে দুই বছরের লক্ষ্য অর্জন কঠিন হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দুই বছরের মধ্যে আদা, কাঁচামরিচ ও টমেটো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে গতকাল কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার দফতরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের সাথে বৈঠক করেন। কৃষি সচিব সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উৎপাদন উদ্বৃত্ত, তবু আমদানি
২০২৪ সালের আগস্টে আগাম বন্যার কারণে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি এক হাজার টাকা পর্যন্ত উঠেছিল। ওই সঙ্কটের প্রভাব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বাজারেও পড়েছিল। আগেও একাধিকবার কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় সাত লাখ ৫০ হাজার টন কাঁচামরিচ উৎপাদিত হয়। বিপরীতে বার্ষিক চাহিদা পাঁচ লাখ ৫০ হাজার থেকে ছয় লাখ টন। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও আমদানি বন্ধ হয়নি।
২০২২-২৩ অর্থবছরে দেশে কাঁচামরিচ আমদানি হয়েছিল দুই হাজার ২৩ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৫১৮ টনে। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয় ৫১ হাজার ১৮২ টন। পরের অর্থবছরে তা কিছুটা কমে ৪৭ হাজার ২৯০ টনে দাঁড়ায়। চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১১ হাজার ৮৬৬ টন।
সংশ্লিষ্টদের মতে, সারা বছর উৎপাদন ও সরবরাহের ধারাবাহিকতা না থাকাই আমদানির প্রধান কারণ। শীতকালে উৎপাদন বেশি হলেও বর্ষায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও রোগবালাইয়ে ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে সঙ্কট তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবেলায় বর্ষা ও মৌসুমের বাইরে চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রতিকূলতা সহনশীল জাতের পাশাপাশি উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা, মালচিং ও পলিহাউজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
টমেটো আমদানিতে রেকর্ড
টমেটো আমদানির পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে টমেটো আমদানি হয়েছিল ৩৮ হাজার ৭১৫ টন। পরের অর্থবছরে তা বেড়ে ৪৮ হাজার ১৬ টন হয়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি সামান্য কমে ৪৭ হাজার ১০২ টনে দাঁড়ালেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৬৩ হাজার ১২৮ টন হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পাঁচ মাস পূর্ণ হওয়ার আগেই আমদানি হয়েছে ৮০ হাজার ৬১ টন। আগের অর্থবছরের তুলনায় এ পরিমাণ প্রায় ২৬ দশমিক ৪ শতাংশ বেশি। অথচ দেশে টমেটোর উৎপাদন কম নয়। জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক কৃষি পরিসংখ্যানভান্ডার এফএওস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে চার লাখ ৯১ হাজার ৪৮৮ টন টমেটো উৎপাদিত হয়েছে। একই বছর আমদানি হয়েছিল ৪৮ হাজার ৪১ টন।
উৎপাদন পর্যাপ্ত হলেও মৌসুমি সরবরাহের অসামঞ্জস্যের কারণে আমদানির প্রয়োজন হচ্ছে। শীতকালে দেশে প্রচুর টমেটো উৎপাদিত হয়। এ সময় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কৃষক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হন। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত সুবিধা না থাকায় উদ্বৃত্ত টমেটো ধরে রাখা যায় না। মৌসুম শেষে সরবরাহ কমে গেলে আমদানির ওপর নির্ভর করতে হয়। এ সঙ্কট কাটাতে টমেটো সংরক্ষণের পাশাপাশি পেস্ট ও সস তৈরির শিল্প সম্প্রসারণ এবং মৌসুমের বাইরে চাষ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।
আদায় বড় ঘাটতি
আদার ক্ষেত্রে আমদানিনির্ভরতার প্রধান কারণ উৎপাদন ঘাটতি। ২০২৫-২৬ অর্থবছরে দেশে আদা উৎপাদিত হয়েছে প্রায় দুই লাখ ৫৫ হাজার টন। অথচ বার্ষিক চাহিদা প্রায় তিন লাখ ৭৫ হাজার টন। ফলে ঘাটতি রয়েছে প্রায় এক লাখ ২০ হাজার টন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে আদা আমদানি হয়েছিল ৫০ হাজার ৫১১ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৯০ হাজার ৪১ টনে দাঁড়ায়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি আরো বেড়ে এক লাখ ৫৯ হাজার ২৭৫ টন হয়। পরের অর্থবছরে তা কমে এক লাখ ৪৪ হাজার ৩৯৩ টনে নেমে আসে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমদানি হয়েছে ৩৮ হাজার ৩৭৫ টন।
উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবছরে আদা উৎপাদিত হয়েছিল দুই লাখ ৫১ হাজার ৪০০ টন। ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৬১ হাজার ৪০০ টন। তবে উৎপাদন হয়েছে প্রায় দুই লাখ ৫০ হাজার ৯০০ টন। দীর্ঘ উৎপাদনকাল, উন্নত বীজের ঘাটতি, রোগবালাই এবং প্রচলিত চাষপদ্ধতির সীমাবদ্ধতা আদার উৎপাদন বাড়ানোর পথে বাধা। এ অবস্থায় বসতবাড়ির আশপাশ ও পতিত জমিতে বস্তায় আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে আমদানিনির্ভরতা কমাতে বাণিজ্যিক চাষ ও উন্নত উৎপাদন প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে।
বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
তিন পণ্যের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও মসলা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উন্নত জাতের ব্যবহার, বস্তায় আদা চাষ, মৌসুমের বাইরে কাঁচামরিচ উৎপাদন, বর্ষাসহিষ্ণু জাতের সম্প্রসারণ এবং পলিনেট হাউজে টমেটো ও মরিচ চাষের বিষয়গুলো রয়েছে।
তবে এসব উদ্যোগের পাশাপাশি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। কোন এলাকায় কত জমিতে চাষ বাড়ানো হবে, কত কৃষককে যুক্ত করা হবে এবং এতে উৎপাদন কতটা বাড়বে, তা নির্দিষ্ট করতে হবে। একই সাথে আমদানির কতটা দেশীয় উৎপাদন দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব, তার হিসাবও থাকা দরকার। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। মৌসুমে দাম কমে গেলে পরবর্তী বছর কৃষক উৎপাদন কমিয়ে দিতে পারেন। অন্য দিকে মৌসুমের বাইরে চাষে বাড়তি খরচ ও ঝুঁকি রয়েছে। এ জন্য সহজ ঋণ, প্রযুক্তিগত সহায়তা ও বাজারের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সম্প্রসারণ) মো: ওবায়দুর রহমান মণ্ডল বলেন, আগামী দুই বছরের মধ্যে আদা, মরিচ ও টমেটো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কৃষিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। লক্ষ্য বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেয়া যায়, সে জন্য পরিকল্পনা তৈরির কাজ চলছে।
মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদুল হক বলেন, এ বিষয়ে নির্দেশনা পাওয়ার পর গবেষণা ও সম্প্রসারণ বিভাগের যৌথ সভা হয়েছে। তারা লক্ষ্য পূরণে আশাবাদী।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ নয়া দিগন্তকে বলেন, কাঁচামরিচ, টমেটো ও আদার আমদানিনির্ভরতা কমানো কোনো বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নয়; এটি সরকারের চলমান পরিকল্পনার অংশ। আমদানিনির্ভর কৃষিপণ্য থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে সরকার ধারাবাহিকভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ কার্যক্রম আরো দ্রুত ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য শুধু আমদানিনির্ভরতা কমানো নয়, ভবিষ্যতে এসব পণ্য বা সমজাতীয় পণ্য রফতানিমুখী করাও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









