মিরপুরে ল্যান্টার্নস স্কুলের উদ্যোগে কিডস ফেস্টিভাল
ads

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে কিডস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি মাধ্যম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মিরপুর ৬০ ফিট রোডের ইফা কনভেনশন সেন্টারে এ উৎসব আয়োজন করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিডস ফেস্টিভালের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ফেস্টিভাল শুরু হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক নয়া দিগন্ত ও নিউজ পোর্টাল ফার্স্ট নিউজ। স্পোর্টস সামগ্রী স্পন্সর করে ‘বাবু ল্যান্ড’। দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ইসলামী সঙ্গীত, কুরআন তেলাওয়াত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খলিফা এবং বিশেষ অতিথি ছিলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল লেফটেন্যান্ট (কর্নেল অব:) সৈয়দ নাজমুর রহমান। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা, প্রতিভা, আত্মবিশ্বাস ও পড়ালেখার পরিবেশ আনন্দময় করতে এ ফেস্টিভাল আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি।