বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌসদস্যদের শান্তিকালীন পদক প্রদান
বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌসদস্যদের শান্তিকালীন পদক প্রদান।
ads

বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার নৌবাহিনী সদর দফতরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্ত সদস্যদের হাতে শান্তিকালীন পদক তুলে দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং অন্য আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। আইএসপিআর।