চট্টগ্রামে পূজার অনুষ্ঠানে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু
ads

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা খেজুরতলা এলাকায় পূজার অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।  
 নিহতরা হলেন- নান্টু ঘোষ, উজ্জ্বল দেব ও রিপন দে (৪৮)। 
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার রেললাইনসংলগ্ন মগধেশ্বরী মন্দির মোড়ে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সেখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠান চলাকালে সেখানে কয়েকজন মদপান করেন। পরে তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত ও সি উদ্দীন জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। নিহত দু’জন হলেন নান্টু ঘোষ (প্রায় ৫০-৫৫) ও উজ্জ্বল দেব (৫২)। নান্টু ঘোষের বাড়ি মোহরা খেজুরতলা এলাকায়। উজ্জ্বল দেবের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। এ দিকে একই ঘটনায় অসুস্থ রিপন দে (৪৮) নামে আরেক ব্যক্তিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রিপন দে চান্দগাঁও থানার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। স্ত্রী লীলা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।