
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামে এক সিএনজি চালকসহ দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া সাতক্ষীরার তালায় প্রথক দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশা চালকসহ দু’জন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুরের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন (৩৫) ও কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলার আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)। সোমবার বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিএনজি অটোরিকশায় বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলার আরিফ হোসেন, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মো: রাসেল ও মো: ইয়াকুব। কিছু দূর এগিয়ে গেলে মহাসড়কের কালিকসার এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি লরির পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক কালিকাপুরের আবদুল মতিন, যাত্রী সুফিয়া বেগম, আরিফ হোসেন, রাসেল ও ইয়াকুব আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশা চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুবকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দু’জন সুফিয়া বেগম ও রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার মহাসড়কের পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে।
আহতদের মধ্যে তিনজনকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অপর তিনজনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি হওয়া আহতরা হলেন- ইজিবাইক চালক ও যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২৮), তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশন আরা (৪৫) ও শিশু জান্নাত আরা (৭)। এ ছাড়া রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো অপর তিনজনের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বলে জানা গেছে; তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









