নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
ads

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা খুন  হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার  ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেন। মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই মো: রফিক।
নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।