বগুড়ায় বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা, আ’লীগ নেতা কারাগারে
ads

বগুড়া অফিস
বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে ও আওয়ামী লীগ সমর্থক মো: কামাল সরকার (৫০) এবং বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: বেলাল হোসেন সরকার (৫৫)।
রোববার বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে গতকাল তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ নভেম্বর পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১৫০ জনকে। তদন্তে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।