রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায় বাস্তবায়নে আসিয়ানের সাথে কাজ করবে মালয়েশিয়া
ads

নয়া দিগন্ত ডেস্ক
মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা প্রসঙ্গে জাতিসঙ্ঘের অন্যতম অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা বিশ্ব আদালত যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নে জাতিসঙ্ঘ, ওআইসি ও আসিয়ানের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুর। গত পরশু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘মালয়েশিয়া আইসিজে-এর এই রায়কে সম্মান জানায়, যেখানে বলা হয়েছে যে মিয়ানমার তাদের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে।’ আনাদোলু। 
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে কুয়ালালামপুর জাতিসঙ্ঘ, ওআইসি, আসিয়ানসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সাথে আলোচনা ও কাজ চালিয়ে যাবে।’ গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেন যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার সুযোগ সৃষ্টি, পুনর্বাসন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান বিশ্ব আদালত। ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা চালায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। ওই হামলার জবাবে আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে তীব্র অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ, ভারত এবং সাগরপথে মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন রোহিঙ্গারা। বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। এই মামলার সূত্রপাত ২০১৯ সালে, যখন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজের দ্বারস্থ হয়। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মালয়েশিয়া এই দীর্ঘস্থায়ী সঙ্কটের একটি সামগ্রিক ও স্থায়ী সমাধানের পক্ষে কাজ চালিয়ে যাবে। এর অংশ হিসেবে, মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সক্রিয়ভাবে কাজ করবে।’
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী : গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যমতে, মালয়েশিয়ায় জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) আশ্রয় শিবিরগুলোতে মোট ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। এ ছাড়া অক্টোবর মাস পর্যন্ত তথ্য অনুযায়ী, আরো ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গাকে অভিবাসন আটক কেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) রাখা হয়েছে। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুসারে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ৪০ হাজার মিয়ানমার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান মিয়ানমারের সামরিক নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। গত ১৮ নভেম্বর মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানান যে, তার প্রশাসন আসিয়ানের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে; তবে সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখবে। চলতি সপ্তাহের শুরুর দিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকের পরপরই তিনি এ মন্তব্য করেন। আসিয়ান নেতাদের বক্তব্য অনুযায়ী, সঙ্কট নিরসনে তাদের প্রস্তাবিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে নেইপিদোতে ক্ষমতাসীন সরকার অগ্রগতি অর্জন করলে তবেই আসিয়ান জোটে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।