জামায়াত নেতাদের মৃতুদণ্ড লজ্জাজনক রায় হিসেবে পরিচিত: হামিদ হোসাইন আজাদ
ads

চট্টগ্রাম ব্যুরো
মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ), ইংল্যান্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেছেন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে তড়িঘড়ি করে হত্যা করা হয়েছে। শহীদ মুজাহিদসহ যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের আদর্শ অনুসরণ করে আমাদের চলতে হবে। তিনি বলেন, তৎকালীন এসব রায় পৃথিবীতে লজ্জাজনক রায় হিসেবে পরিচিত হয়েছে। ইনজাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশে ইনসাফ ও জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে।
জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল মালিক। সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন, চট্টগ্রাম ল ইয়ার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল মোজাফফর, সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফসহ আইনজীবী নেতারা।