নজরুলের সাহিত্যকর্ম তুলে ধরছেন ঢাবির শিক্ষক ড. মুমিত
ads

 শরীয়তপুর প্রতিনিধি
পারস্যের কবি ওমর খৈয়ামের রুবাই কিভাবে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে নতুন সুরে ফিরে এসেছে, সেই সাহিত্যিক যোগসূত্র এবার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ড. মুমিত আল রশিদ। নজরুল বর্ষ উপলক্ষে প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে আয়োজিত সম্মেলনে তিনি এ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।
গতকাল সোমবার তিনি ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। আজ মঙ্গলবার একই স্থানে তুলে ধরবেন তার দ্বিতীয় গবেষণাপত্রের বিষয় ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন ড. মুমিত। এবার তার আলোচনার কেন্দ্রে থাকছেন ওমর খৈয়াম। নজরুলের অনুবাদ ও গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে খৈয়ামের কবিতার প্রভাব ও প্রতিফলন তুলে ধরবেন তিনি।
বাংলাদেশের কবি-সাহিত্যিকদের আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলা ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য। নজরুলের পাশাপাশি লালন, হাছন রাজা, আবদুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজকে নিয়ে তিনি তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন। এসব গবেষণার উল্লেখযোগ্য অংশই ফারসি ভাষায় প্রকাশিত।
ড. মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের ফকিরবাড়িতে। 
ওমর খৈয়ামের কবিতার বাংলা অনুবাদও তার গবেষণার অন্যতম বিষয়। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘বেঙ্গলি ট্রান্সলেশন্স অব খৈয়ামস কোয়াট্রেইনস অ্যান্ড দেয়ার চ্যালেঞ্জেস’ শীর্ষক গবেষণাপত্রের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পান তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেয়া হয়।