
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক পলাতক নুরুল আজিম রনি। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ওসিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘ওসি একরাম, সময় কিন্তু সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?’
রনির এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত রনি অতীতেও নানা বিতর্ক ও অভিযোগের কারণে আলোচনায় এসেছিলেন।
ফেসবুক পোস্টে রনি অভিযোগ করেন, গত শুক্রবার সদরঘাট থানার মালুম মসজিদ এলাকায় ওসি একরাম উল্লাহ আওয়ামী লীগের মিছিল হলে ১০ জনের বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। তবে সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ নয়া দিগন্তকে বলেন, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। আমি কোনো অন্যায়ে জড়িত না, অন্যায়কে প্রশ্রয় দেই না।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায়ও আলোচনায় আসেন নুরুল আজিম রনি। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদের করা একটি হত্যাচেষ্টা মামলায় রনিসহ ৯৫ জনকে আসামি করা হয়। মামলার বাদির অভিযোগ, ওই বছরের ১৬ জুলাই ষোলশহর রেলস্টেশন এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় রনির বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগও করা হয়।
এর আগে ২০১৬ সালের ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত সিলসহ রনিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০১৮ সালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। অধ্যক্ষের অভিযোগ ছিল, ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় রনিসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









