সাইবার নিরাপত্তায় ৩৬ কোটি টাকার উদ্যোগ
ads

সৈয়দ সামসুজ্জামান নীপু 
সাইবার হামলা ও তথ্য ফাঁসের ঝুঁকি মোকাবেলায় জাতীয় সংসদের ডিজিটাল অবকাঠামো ঢেলে সাজাতে ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানো, নেটওয়ার্ক উন্নয়ন ও সাইবার সিকিউরিটি শক্তিশালী করতে ৩৬ কোটি টাকার একটি স্কিম অনুমোদন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ সচিবালয় শুরুতে ৪৪ কোটি পাঁচ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল। যাচাই-বাছাইয়ে তা কমিয়ে ৩৬ কোটি টাকায় নামানো হয়েছে। এতে সাশ্রয় হচ্ছে প্রায় আট কোটি পাঁচ লাখ টাকা। 
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার সারসংক্ষেপটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেন। এর পরের দিন অর্থাৎ ২২ নভেম্বর অর্থমন্ত্রী তা অনুমোদন করেন। ‘বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মসূচি’-এর আওতায় ‘জাতীয় সংসদের সমন্বিত ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও ব্রডকাস্টিং মিডিয়া আধুনিকায়ন’ শীর্ষক এই স্কিম বাস্তবায়িত হবে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে, অর্থাৎ দেড় বছর মেয়াদে। 
স্কিমের মূল উদ্দেশ্য ও পরিধি : জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় বাস্তবায়নাধীন এই স্কিমের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান ডাটা সেন্টারের ক্যাপাসিটি বৃদ্ধি, নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন এবং সংসদীয় ব্যবস্থার তথ্য নিরাপত্তা সুদৃঢ় করা। এ ছাড়া সফটওয়্যার ও তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের নিরবচ্ছিন্ন পরিচালনা, সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং ভিজিটর ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নয়ন করা হবে। 
একই সাথে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর ব্রডকাস্টিং সক্ষমতা বাড়াতে আধুনিক আইসিটি ও ডিজিটাল মিডিয়া ট্রান্সমিশন সরঞ্জাম যুক্ত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সিস্টেম অপারেশন, মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনাও এতে রাখা হয়েছে। উল্লেখ্য, এই কর্মসূচির প্রস্তাবনাটি ইতোমধ্যে জাতীয় সংসদের স্পীকার কর্তৃক অনুমোদিত হয়েছে। 
ব্যয়ের বিস্তারিত ও কাটছাঁট : সূত্র জানায়, অর্থ বিভাগের ‘স্কিম যাচাই কমিটি-২’ গত ২ নভেম্বর অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যয় পর্যালোচনা করে বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য বাজেট কাটছাঁট করে সুপারিশ পাঠায়। এগুলো হলো-
আবর্তক রাজস্ব খাত : রাজস্ব খাতে প্রাথমিক প্রস্তাবিত এক কোটি দুই লাখ ৫০ হাজার টাকার বিপরীতে মাত্র ২৩ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে। 
কনসালটেন্সি (পরামর্শক) : প্রাথমিক প্রস্তাবিত ৮৪ লাখ টাকা থেকে ব্যাপকভাবে কমিয়ে ১৮ লাখ টাকায় নামানো হয়েছে। 
প্রচার ও বিজ্ঞাপন : পাঁচ লাখ টাকা প্রস্তাব করা হলেও বাজেট কমিয়ে দুই লাখ টাকা করা হয়েছে। 
অন্যান্য খরচ : আপ্যায়ন, মুদ্রণ-বাঁধাই, সম্মানী ও মনিহারী ইত্যাদি খাতে বরাদ্দ কমিয়ে আনায় মূল রাজস্ব ব্যয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 
মূলধন খাত : স্কিমের মূল অংশ বাস্তবায়িত হবে মূলধন খাতে, যেখানে মোট ৩৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে (প্রাথমিক প্রস্তাব ছিল ৪৩ কোটি দুই লাখ ২৪ হাজার টাকা)। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদি : এতে সর্বমোট ৩৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ছয় কোটি টাকা খরচ করা হবে। 
কম্পিউটার সফটওয়্যার : দুই কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবের বিপরীতে দুই কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। 
বরাদ্দকৃত ৩৬ কোটি টাকার মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩০ কোটি টাকা এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে বাকি ছয় কোটি টাকা ছাড় করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাত হিসেবে অর্থ বিভাগের ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা’ (থোক বরাদ্দ) থেকে এই অর্থ সংস্থান করা হচ্ছে। 
স্কিম ব্যয়ের সারসংক্ষেপ (লাখ টাকায়) :
খাতের নাম     প্রাথমিক প্রস্তাব   অর্থ বিভাগের মঞ্জুরি
(ক) উপমোট (রাজস্ব) ১০২.৫০ ২৩.৫০
(খ) উপমোট (মূলধন) ৪৩০২.২৪ ৩৫৭৬.৫০
মোট (রাজস্ব + মূলধন) ৪৪০৪.৭৪ ৩৬০০.০০ 
যেসব শর্তে অনুমোদন দেয়া হলো : অর্থ বিভাগ এই স্কিমটি কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে :
১. পরামর্শক হ্রাস ও স্থায়ী দক্ষতা বৃদ্ধি : আগে তিনজন কনসালটেন্ট নিয়োগের কথা থাকলেও তা কমিয়ে ছয় মাস মেয়াদের জন্য মাত্র ১ (এক) জন কনসালটেন্ট নিয়োগের শর্ত দেয়া হয়েছে। একই সাথে বাইরের ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় সংসদের বিদ্যমান জনবলকে প্রশিক্ষণ দিয়ে স্থায়ী দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে।
২. জনবল ব্যবস্থাপনা : অতিরিক্ত কোনো স্থায়ী পদ তৈরি না করে জাতীয় সংসদে কর্মরত বিদ্যমান জনবল থেকেই স্কিম পরিচালক (১ জন), স্কিম ব্যবস্থাপক (১ জন), প্রশাসনিক কর্মকর্তা (১ জন), হিসাবরক্ষক (১ জন) ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (১ জন) অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্কিমের কাজ সম্পাদন করবেন।
৩. আর্থিক বিধিবিধান প্রতিপালন : স্কিমের অর্থ ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন (চচঅ ২০০৬) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (চচজ ২০২৫) সহ যাবতীয় সরকারি আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে।
জানা গেছে, প্রকল্প ডকুমেন্টে বর্ণিত সব শর্ত ও সিদ্ধান্ত বজায় রেখে এখন সরকারি আদেশ (জিও) জারি করা হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং ও আইসিটি অবকাঠামো আধুনিক যুগে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।