রাজস্থানে ট্রাকের সাথে গাড়ির ধাক্কায় ৯ জন নিহত
ads

দ্য ট্রিবিউন ও এনডিটিভি
ভারতের রাজস্থানের কোটায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির তীর্থযাত্রীবাহী গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো আটজন।
 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ পথ চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার ভোরে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি সজোরে ধাক্কা দেয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং রাজস্থানের সিকর জেলার খাতু শ্যামজি মন্দিরে পূজা দিয়ে ফিরছিলেন। ক্রুজার গাড়িটিতে মহারাষ্ট্রের ধুলে জেলার একটি পরিবারের ১৬ জন সদস্য ছিলেন।
ট্রাকচালক হারুন জানান, গাড়ির ত্রুটি পরীক্ষা করতে তিনি মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে কিছুটা দূরে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ক্রুজারটি ট্রাকের পেছনে ধাক্কা মারে এবং ধাক্কার তীব্রতায় তিনি সড়ক থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন। হারুনের ভাষ্যমতে, প্রায় ১০ মিনিট পর জ্ঞান ফিরলে তিনি নিজেই পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। এই দুর্ঘটনায় তার হাঁটু ও মাথায় আঘাত লেগেছে। ঘটনার পর কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুই গাড়ির চালকও রয়েছেন।