
এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান। পোস্টে চোই উল্লেখ করেন, কোনো বড় ধরনের অঘটন ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার অভিযোগে জনগণের যে সমালোচনা তৈরি হয়েছে, তা থেকে তিনি নিজেকে দায়মুক্ত মনে করেন না। পরীক্ষা শেষ হওয়ায় পুরো ঘটনার দায়ভার কাঁধে নিয়ে তিনি পদত্যাগের প্রস্তাব দিচ্ছেন বলে জানান। প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মূলত গত সপ্তাহে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ শুরুর মাত্র চার দিন আগে এআই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। গত সপ্তাহের রোববার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থী স্বীকার করেন যে, ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন। এই স্বীকারোক্তির পর দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও এআই প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের আশঙ্কা ছড়িয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জীবনে প্রতি বছর অনুষ্ঠিত নয় ঘণ্টাব্যাপী এই সুনেউং পরীক্ষার গুরুত্ব অপরিসীম। দেশটিতে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের কর্মসংস্থান, এমনকি ভালো জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এই পরীক্ষার ফলাফলকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। জালিয়াতির তথ্য সামনে আসার পর পরীক্ষা স্বচ্ছ রাখতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ গ্রহণ করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









