
টাইমস অব ইসরাইল
পশ্চিমতীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে রাতভর ইহুদি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগের ঘটনাগুলোকে ‘যেকোনো বিচারেই ইহুদি সন্ত্রাসবাদ’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ইসরাইলের জোট সরকার গঠনের প্রক্রিয়ার নেতৃত্বে থাকা ইয়াশর পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট।
তিনি ইসরাইলের সরকার ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহিংস এসব বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে পশ্চিমতীরের ফিলিস্তিনি গ্রাম দেইর আল-সুদানে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগ করে ইহুদি বসতিস্থাপনকারীরা। তারা নিকটবর্তী গ্রাম দেইর আবু মাশা’আল ও কাফর মালিকেও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতিস্থাপনকারীদের সহিংসতার প্রায় দৈনিক খবরের মধ্যেই এসব ঘটনা ঘটে। এক্সে এক পোস্টে আইজেনকোট লিখেন, ‘চরমপন্থী গোষ্ঠীগুলো যানবাহন ও বাড়িগুলোতে আগুন লাগিয়ে যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করে, জীবনকে বিপন্ন করে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এই বাস্তবতা অনিবার্য নয়’; বরং এটি খারাপ নেতৃত্বের পরিণতি, বিশেষত (ইসরাইলের) অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বের ফল। আইজেনকোট এই দুই মন্ত্রীর বিরুদ্ধে পশ্চিমতীরকে ‘অনিয়ন্ত্রিত নৈরাজ্যের দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার অভিযোগ এনেছেন।
তিনি অপরাধীদের থামাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক আটক ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযানসহ সম্ভাব্য সবধরনের পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মাসে অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন আইজেনকোট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









