
আল-জাজিরা
একসময় সোমালিয়ার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে অন্যতম প্রধান মিত্র হিসেবে বিবেচনা করতেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহামুদ। অথচ মাত্র তিন বছরের ব্যবধানে আমিরাতের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটেছে এবং দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মোগাদিশু। সার্বভৌমত্ব ক্ষুণœ করা, আঞ্চলিক বিভাজনে উসকানি দেয়া এবং কেন্দ্রীয় সরকারের বিরোধীদের অর্থায়নের অভিযোগে আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সোমালিয়া। গত ১৯ নভেম্বর সোমালিয়া আমিরাতের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং একইসাথে আবুধাবি থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। এর আগে গত জানুয়ারিতে আমিরাতের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কয়েকটি চুক্তি বাতিল করেছিল মোগাদিশু।
প্রেসিডেন্ট হাসান শেখ মাহামুদ অভিযোগ করেছেন, আমিরাত সোমালিয়ার রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রশাসনগুলোকে অর্থায়ন করছে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। তার ভাষায়, কোনো ভাই নিজের ঘরে আগুন দেয় না, অজান্তে অন্যের সম্পত্তি কেনে না কিংবা পরিবারে বিভেদ সৃষ্টি করে না। অন্যদিকে, আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাশ বলেছেন, প্রেসিডেন্টের সমালোচনা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী থাকবে।
সম্পর্কের অবনতির নেপথ্যে
সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সাথে দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর ক্ষমতার দ্বন্দ্বই এই সঙ্কটের অন্যতম কারণ। পুন্তল্যান্ড, জুবাল্যান্ড ও সোমালিল্যান্ডের সাথে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে আমিরাত এবং এসব অঞ্চলের বন্দর, অবকাঠামো ও নিরাপত্তা খাতে দেশটির বড় বিনিয়োগ রয়েছে। সোমালিল্যান্ডের বারবেরা বন্দরের উন্নয়নে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করেছে এবং পুন্তল্যান্ডের বসাসো বন্দর পরিচালনা করছে প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা পিঅ্যান্ডও পোর্টস। এসব বিনিয়োগ সংশ্লিষ্ট আঞ্চলিক প্রশাসনগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আমিরাতের এসব সম্পর্ক সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে; বিশেষ করে বিদেশী রাষ্ট্রের সাথে চুক্তি করার এখতিয়ার কার- এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক প্রশাসনগুলোর বিরোধ আরো তীব্র হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









