
ইন্ডিয়ান এক্সপ্রেস
ইসরাইলের সাথে কৌশলগত স্বার্থে শক্তিশালী সম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসাথে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গাজায় ইসরাইলের যুদ্ধ- দু’টিরই নিন্দা জানিয়েছেন তিনি। রাহুলের এই অবস্থান কংগ্রেসের আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। এ নিয়ে দলটির বামপন্থী মিত্রদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রবার্ট পেপের সাথে আলোচনায় ইসরাইল নিয়ে নিজের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত ভারতের জন্য যা ভালো, তার ভিত্তিতে। আমি ইসরাইলের সাথে শক্তিশালী সম্পর্ক সমর্থন করি। আমাদের কৌশলগত স্বার্থ রয়েছে, যার মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র কেনাও অন্তর্ভুক্ত। তবে একইসাথে তিনি বলেন, এর অর্থ গাজা নিয়ে নীরব থাকা হতে পারে না।
রাহুল আরো বলেন, ৭ অক্টোবরের হামলা ও নিরীহ মানুষ হত্যার নিন্দা জানাই। গাজায় ইসরাইল যা করেছে, তারও নিন্দা জানাই। একটি অন্যায় আরেকটি অন্যায়কে বৈধতা দিতে পারে না। আমরা ১৫০ কোটি মানুষের দেশ। ইসরাইল, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন- কোনো দেশই বিশ্বমঞ্চে আমাদের যথাযথ ভূমিকা পালন থেকে আটকে রাখতে পারে না। ভারতকে তার বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে।
কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে চলতি সপ্তাহে শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় রাহুল গান্ধীর বক্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অবস্থানের কাছাকাছি। মোদি সরকার ইসরাইল ও আরব বিশ্বের সাথে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে। শনিবার রাহুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেন কংগ্রেসের ঘনিষ্ঠ মিত্র ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআইএমের নেতা ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, রাহুলের মন্তব্য ফিলিস্তিন ইস্যুতে কংগ্রেসের স্পষ্ট দ্বিচারিতা প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বিজয়ন বলেন, তার সাম্রাজ্যবাদপন্থী অবস্থান নেহরুর উত্তরাধিকারকে ক্ষুণœ করছে। নেহরুর পররাষ্ট্রনীতি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের সংগ্রামের প্রতি দৃঢ় সংহতির পক্ষে ছিল।
শনিবার রাহুল গান্ধীর সমালোচনা করে বিজয়ন বলেন, গাজায় যখন আমাদের সময়ের অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে ও হাজার হাজার নিরপরাধ শিশু এর শিকার হচ্ছে, তখন তিনি প্রকাশ্যে ইসরাইলের সাথে শক্তিশালী সম্পর্ক ও তাদের কাছ থেকে অস্ত্র কেনার পক্ষে কথা বলছেন। এই বিপর্যয়ের মুখে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার তার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানবতা যখন বিচারের মুখোমুখি, তখন কোনো ভারসাম্য রক্ষার সুযোগ নেই।
রাহুলের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে ফেসবুকে সিপিআই (এমএল) লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য লিখেছেন, যেমন নাৎসি জার্মানি কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সাথে কৌশলগত সম্পর্ক রাখা সম্ভব ছিল না, তেমনি গাজায় গণহত্যা কিংবা ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিষ্ঠুর ঔপনিবেশিক দখলদারত্বকে স্বাভাবিক করা, সমর্থন করা বা হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, ইসরাইলের সাথে ভারতের বিদ্যমান কৌশলগত সম্পর্ক, আদানি-নেতৃত্বাধীন করপোরেট বাণিজ্যের ক্রমবৃদ্ধি, যার মধ্যে অস্ত্র সরবরাহও রয়েছে এবং ইসরাইলের নজরদারি প্রযুক্তি ও নিরাপত্তা মডেলের ভয়াবহ ব্যবহার- এসব এরই মধ্যে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি, পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতা এবং সর্বোপরি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্র ও শাসনব্যবস্থার যথেষ্ট ক্ষতি করেছে। ভারতের প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তার প্রয়োজনের অজুহাতে এসব সম্পর্ককে যৌক্তিক প্রমাণ না করে যত দ্রুত সম্ভব তা শেষ করতে হবে।
ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি বাম মিত্রদের
কংগ্রেসের আরেক মিত্র সিপিআই (এমএল) লিবারেশনও ভারতের সাথে ইসরাইলের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ইসরাইলকে ‘গণহত্যাকারী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়ে বলেন, বিশ্বজুড়ে নিন্দার পরও নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক রাখা যায় না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









