তিন পেসার নাকি ৪ পেসার
ads

ক্রীড়া প্রতিবেদক
‘নির্বাচকদের বলেছি, আমাদের একটা অলরাউন্ডার দেন; কিন্তু পাচ্ছি না।’ জোহানেসবার্গ টেস্ট হারের পর দলের সমন্বয় আর একজন পেসার কম খেলানোর প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আকুতি।
শান্তর সেই অসহায়ত্বের সুর যেন আরো স্পষ্ট হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথায়। ওয়ান্ডারার্সের পেস ও বাউন্স-নির্ভর উইকেটে বাংলাদেশ দল কি না নেমেছে তিন পেসার আর এক স্পিনার নিয়ে! এটাকে ‘স্রেফ রক্ষণশীল মানসিকতা’ বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড।
পুরো টেস্টজুড়ে একজন বোলার, বিশেষ করে একজন বাড়তি পেসারের ঘাটতি টের পাওয়া গেছে প্রবলভাবে। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ আক্রমণে এলেই মার খাচ্ছিলেন। ইবাদত হোসেন ছিলেন এলোমেলো। ফলে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের ওপর পড়ে বাড়তি চাপ। সেই ধকলে চোটে পড়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন হাসান। আরেকজন পেসার থাকলে হাসান-তাসকিন থাকতেন আরো সতেজ, প্রাণবন্ত। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট মনে করে, আপাতত এর বাইরে যাওয়ার উপায় নেই। কারণ টেইল লম্বা হয়ে যাওয়ার দুশ্চিন্তা।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার পেসার ও এক স্পিনার নিয়ে সেরা সমন্বয় গড়তে পেরেছে। সেই চার পেসারের দু’জন মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার আবার পুরোদস্তুর অলরাউন্ডার। এমনকি কাগিসো রাবাদাও ব্যাট হাতে বেশ কার্যকর, জোহানেসবার্গেই যার প্রমাণ পেয়েছে বাংলাদেশ। চার পেসার খেলিয়েও তাই টেইল লম্বা হচ্ছে না প্রোটিয়াদের।
বাংলাদেশের শঙ্কার জায়গা এখানেই। চার পেসার খেলালে একজন স্বীকৃত ব্যাটার কমাতে হবে, সে ক্ষেত্রে টেইল হয়ে যাবে লম্বা। সাম্প্রতিক সময়ে হাসান ছাড়া বাকি টেইল এন্ডারদের ওপর দল ঠিক ভরসা করতে পারছে না। এমনকি ব্যাট হাতে মিরাজের ছন্দহীনতাও দলকে রেখেছে অস্বস্তিতে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, ‘ওদের যেমন ইয়ানসেন আর মুল্ডার তো পুরাপুরি ব্যাটসম্যান, মানে জেনুইন ব্যাটার। আর রাবাদা দেখালেন ব্যাটিং কারিশমা। চার পেসার খেলালে আমাদের টেইল অনেক লম্বা হয়ে যায়।’
দক্ষিণ আফ্রিকার মতো পেস-বান্ধব কন্ডিশনে এসে একজন পেস অলরাউন্ডারের অভাব এখন প্রকট। সাত নম্বরে ব্যাটিং আর পেসারদের সহযোগিতা- মুল্ডার যে কাজটি করেন, তেমন একজন পেস অলরাউন্ডার হতে পারত বাংলাদেশের আদর্শ সমাধান। কিন্তু অনেকদিন ধরে খোঁজ চালিয়েও তেমন কাউকে পাচ্ছে না দল। প্রধান নির্বাচকের কণ্ঠে অসহায়ত্ব, ‘এটা আমাদের অনেকদিন ধরেই একটা ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জায়গায় টেস্ট খেলার মতো কেউ হাতে নেই। মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিংটা পারে কিন্তু সে তো লাল বলে খেলে না। পেস অলরাউন্ডার তো বটেই, আমাদের স্পিন অলরাউন্ডারেরও ঘাটতি আছে। আমরা খোঁজে আছি তেমন কারও। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান একজন আছে, তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেয়ে সে এখনো অনেক দূরে।’
পেস অলরাউন্ডারের ঘাটতি মেটাতে মাঝে পেসারদের ব্যাটিং উন্নতির একটি চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তাসকিন আহমেদ, ইবাদত হোসেন বা শরিফুল ইসলামদের ব্যাটিংয়ে বিশেষ উন্নতি হয়নি। ম্যাচের পরিস্থিতিতে ক্রিজে টিকে থেকে শেষ স্বীকৃত ব্যাটারকে সহযোগিতা করার মানসিকতা বা চেষ্টারও অভাব দেখছেন নির্বাচকরা। টেস্টে হাসান এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও অন্যদের থেকে তা পাওয়া যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে চার পেসার খেলানোর সাহসও তাই করতে পারছে না দল।
সেঞ্চুরিয়ান টেস্ট থেকে মুশফিকুর রহীম ছিটকে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাদের আট ব্যাটার ও চার বোলারের কম্বিনেশনে কোনো পরিবর্তন আনে কি না- এখন সেটিই দেখার বিষয়। শরিফুল ইসলামের খেলা নিশ্চিত। খালেদ আহমেদেরও খেলার সম্ভাবনা রয়েছে।