দারুণ প্রত্যাবর্তনে জয় বার্সার
সমতাসূচক গোল করার পর বার্সেলোনার ফের্মিন লোপেজ : ইন্টারনেট।
ads

ক্রীড়া ডেস্ক
ম্যাচের শুরুতেই যেন দুঃস্বপ্নের মুখে পড়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে স্প্যানিশ লা লিগার ম্যাচ শুরুর ৭ মিনিটেই দুই গোল ভিলারিয়ালের। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন কাতালানদের। এতে আন্তর্জাতিক বিরতির পর উত্তেজনা ফিরেছে ইউরোপের ঘরোয়া ফুটবলে। স্প্যানিশ লা লিগায় গতকাল পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। প্রত্যাবর্তনের গল্প লিখে জিতেছে রিয়াল মাদ্রিদও। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু নিউক্যাসল ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটিও। ইতালিয়ান সিরি ‘আ’তে এএস রোমার বড় জয় এবং ফরাসি লিগ ওয়ানে নাটকীয় জয় ছিল পিএসজির।
বার্সেলোনার মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের ৫ মিনিটেই গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুয়াসেই। দুই গোল হজম করে চাপে পড়া স্বাগতিকরা প্রথমার্ধে আর দেখা পায়নি জালের। বিরতির পর বদলে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। চার মিনিট পর ফের্মিন লোপেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৬৭ মিনিটে ভিয়ারিয়ালের পাউ নাভারোর আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। 
স্প্যানিশ লা লিগায় দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ৬ মিনিটে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্টা। এরপর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলেও হাল ছাড়েনি রিয়াল। ৬৬ মিনিটে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৮৫ মিনিটে কার্লোস এসপির গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের। 
প্রিমিয়ার লিগে গত পরশু আলোচিত ম্যাচে নিউক্যাসলের মাঠে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। 
দিনের আরেক বড় অঘটনে চেলসিকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড। 
ইতালিয়ান সিরি ‘আ’তে গোল উৎসব করে পার্মার মাঠ থেকে ডোনিয়েল মালেনের চার গোলের সুবাদে ৫-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে এএস রোমা। নাপোলি ১-০ গোলে তোরিনোকে, লাজ্জিও ৩-০ গোলে লেচেকে এবং কোমো ২-০ গোলে জয় পেয়েছে কাগলিয়ারির বিপক্ষে। জার্মান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিপজিগ। ফরাসি লিগ ওয়ানে নাইসকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি।