ডুলির কোচিংয়ে সমন্বয়হীনতা
টমাস ডুলি।
ads

ক্রীড়া প্রতিবেদক
 সানমেরিনোর বিপক্ষে জয় দিয়ে শুরু। এরপর আসিয়ান কাপে তিন ম্যাচে হারের পর সাফেও ব্যর্থতা। দুর্বল ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া আর কিছুই নেই। লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ এবারের সাফের সেমিফাইনালে গেলেও সেমিতে পাকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ। সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমে ফাইনালের আগেই ছিটকে পড়া। তাই পরশু বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় বাংলাদেশ দলের হেড কোচ টমাস ডুলিকে ডাকা হয় ব্যর্থতা নিয়ে তার জবাব জানার জন্য। জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচ সেই জবাবও দিয়েছেন। তবে সাফে ব্যর্থতার পরও এই কোচকে বাংলাদেশ দলের দায়িত্বে রাখা হবে নাকি বাদ দেয়া হবে সে নিয়ে পরশুর সভায় কোনো সিদ্ধান্ত আসেনি। সভায় বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল কমিটির অন্য সদস্যদের জানান, ‘আমরা এই বিষয়ে আবার বসব’। তবে সভায় দল পরিচালনায় কোচের সমন্বয়হীনতা খুঁজে পেয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। সভা শেষে একাধিক সদস্য এই মত দেন।
 কোচ ডুলি তার আত্মপক্ষ সমর্থনে সানমেরিনোর বিপক্ষে ম্যাচসহ আসিয়ান কাপ ও সাফের বাংলাদেশ দলের পারফরম্যান্স তুলে ধরেন। ন্যাশনাল টিমস কমিটির সূত্র মতে, সাফে পাকিস্তানের কাছে সেমিতে হার নিয়ে তার জবাব ছিল, বাংলাদেশ ম্যাচের অধিকাংশ সময়েই ভালো খেলেছিল। কিন্তু ৮৬ মিনিটে গোলরক্ষকের ভুলেই হারতে হয়েছে। আর দল পিছিয়ে পড়ার পরও কেন ফুটবলারদের বদল করতে এতো সময় নেয়া হলো এর ব্যাখ্যায় ডুলি জানান, আমি আগেই বলেছিলাম খেলোয়াড় বদল করতে। কিন্তু কোচিং স্টাফরা তাদের প্রস্তুত করতে দেরি করেছে।
শেষ পর্যন্ত ডুলিকে রাখা হবে কি না এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিটি। তবে ডুলিকে বাদ দিলেই যে বাফুফেকে কয়েক মাসের বেতন দিতে হবে তা নয়। কমিটির দুই সদস্য জানান, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই কোচের সাথে চুক্তির সময় শর্ত রেখেছেন, কোচ খারাপ করলে তাকে সাথে সাথেই বাদ দেয়া যাবে। কোনো বাড়তি টাকা দিতে হবে না। জানা গেছে পরশুর এই সভার আগে ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা কোচকে এই বাদ দেয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।
জাতীয় দলে কোচের সাথে সহকারী কোচদের সমন্বয়হীনতা এবং টিম ম্যানেজমেন্টের সাথে সমন্বয়হীনতাও খুঁজে পেয়েছেন। দল হেরে যাওয়ার পর এখন এই সমস্যাগুলো সামনে এসেছে। কোচও মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় কথা বলেন। এটাও ভালোভাবে নেয়নি কমিটি। আগামীতে এসব বিষয়ে একটি নীতিমালা করার পক্ষেও মত দেয়া হয়।
দলের মধ্যে প্রবাসী খেলোয়াড়দের আধিক্যও দেশী ফুটবলারদের মধ্যে বাড়তি টেনশনের রাস্তা তৈরি করেছে। কারণ দেশী ফুটবলাররা এই প্রবাসীদের কারণে একাদশে জায়গা হারিয়েছেন। বদলি হিসেবেও নামতে পারছেন না। এতে দলের ভেতর একটি দূরত্ব তৈরি হয়েছে। সভায় এই বিষয়টিও সামনে এসেছে। তাই আগামীতে দেশী এই ফুটবলারদের যাতে এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় সে দিকে নজর দেয়ার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কারণ যারা বাংলাদেশে বড় হওয়া ফুটবলার তাদেরকে উপেক্ষা করার সুযোগ নেই। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে একাধিক ইনজুরড খেলোয়াড়কে ডাকা নিয়েও প্রশ্ন তুলেছে ন্যাশনাল টিমস কমিটি।
মার্চের আগে আর বাংলাদেশ দলের খেলা নেই। তবে আগামী জাতীয় দল গঠনের সময় টিম ম্যানেজমন্টে ও কোচিং স্টাফে যে পরিবর্তন আসবে এটা নিশ্চিত। জাতীয় দলের এই ব্যর্থতায় কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টেরও দায় আছে। সাফ ক্যাম্পেই কিছু অব্যবস্থাপনার জন্য টিমের মিডিয়া বিভাগেও পরিবর্তন আনা হয়। সভায় আহত হয়ে সেমিফাইনাল খেলতে না পারা সাদউদ্দিনের চিকিৎসার খরচ বাফুফেই বহন করবে বলে সিদ্ধান্ত হয়।