ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ
ads

 ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে উন্নত পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে আজ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। বাংলাদেশের লক্ষ্য সমতা এবং স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জেতা কিংবা হোয়াইটওয়াশ করা।
দুই দলের মধ্যে আগের ১৭টি টেস্টে ১৫টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দু’টি ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে ড্র হয়েছে। ১৫টি হারের মধ্যে ৯টিতেই ইনিংস ব্যবধানে হার টাইগারদের। তবে প্রথম টেস্টে হৃদয় ১৬০ এবং লিটন দাস ১৫৯ রান করে ব্যাটিংয়ে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। দ্বিতীয় টেস্টেও তাদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করবে দল।
প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্টের ভেনু জোহানেসবার্গে এত বড় সংগ্রহ গড়ার পর কোনো দল এর আগে ম্যাচ হারেনি। কিন্তু অনাকাক্সিক্ষত সেই ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ১৫৭ রানের লিড নেয় এবং বাংলাদেশকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এরপর চাপের মুখে ভেঙে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় তারা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।
দাপুটে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের আলোচিত পেস আক্রমণকে দিশেহারা ও ছন্দহীন মনে হয়েছে। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেসারদের ওপর অতিরিক্ত কাজের চাপ, বিশেষ করে হাসান মাহমুদের নিরলস বোলিং। অতিরিক্ত বোলিংয়ের ধকল সামলাতে গিয়ে চোটে পড়েন হাসান, যে কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন। তার সতীর্থ পেসার তাসকিন আহমেদকেও বল পুরনো হয়ে যাওয়ার পর ক্লান্ত মনে হয়েছে। তৃতীয় পেসার এবাদত হোসেনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণে এই দুই পেসারের ওপর কাজের চাপ আরো বেড়ে যায়। একই সাথে প্রশ্ন উঠেছে, সিরিজে ছন্দে থাকা শরিফুল ইসলাম কিংবা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের কেন বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।
এ দিকে কুঁচকির চোটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীমকেও হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম টেস্টের দল থেকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে তাদের। সেঞ্চুরিয়ান টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন শেষে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ বলেন, ‘আগের টেস্টে শেষ তিন দিন আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে সম্ভবত কয়েকটি ভুলের কারণে ম্যাচটি জিততে পারিনি। তার পরও এই অভিজ্ঞতা থেকে ইতিবাচক অনেক কিছু নেয়ার চেষ্টা করছি। কোচদের বার্তা হলো, ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে।’
তবে এ ধরনের কন্ডিশনে ভালো করার সক্ষমতা নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশের ব্যাটাররা প্রথম টেস্টে ভালোই করেছেন। বিশেষ করে ফর্মে থাকা তৌহিদ হৃদয়ের নেতৃত্বে ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বেড়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে যা দলকে বাড়তি সাহস জোগাচ্ছে।
সেঞ্চুরিয়নের উইকেটে পেস ও বাউন্স দক্ষিণ আফ্রিকার বড় অস্ত্র হতে পারে। রাবাদার সাথে এনরিখ নরকিয়ার প্রত্যাবর্তন স্বাগতিকদের পেস আক্রমণকে আরো শক্তিশালী করবে। তবে অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে নেই। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ঘোষিত একাদশে নরকিয়া ফিরেছেন এবং বাভুমা বাদ পড়েছেন। 
বাংলাদেশের জন্য বড় ধাক্কা অভিজ্ঞ মুশফিকুর রহীমের চোটে ছিটকে যাওয়া। ফলে ব্যাটিংয়ের দায়িত্ব আরো বেশি নিতে হবে লিটন, হৃদয়, শান্ত ও মুমিনুলকে। বোলারদেরও লাইন-লেংথে ধারাবাহিকতা দেখাতে হবে। সব মিলিয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিকরা। তবে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ সব সময়ই থাকে। বাংলাদেশ কি পারবে পরিসংখ্যান ও সাম্প্রতিক ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে? নাকি সেঞ্চুরিয়ানেই সিরিজ নিজেদের করে নেবে প্রোটিয়ারা? উত্তর মিলবে পাঁচ দিনের লড়াইয়ে।