মজা করেও মিথ্যা নয়, সত্য বলতে হবে
ads

ইকবাল হোসেন ইমন
ইসলাম মিথ্যা কথা বলাকে দৃঢ়তার সাথে নিষিদ্ধ করেছে। আল্লাহর ভয় অন্তরে লালন করলে কোনো মুমিন মিথ্যা বলতে পারে না। কারণ মিথ্যা ধ্বংসের দিকে ধাবিত করে, পক্ষান্তরে সত্য চিরশান্তির দিকে। আর সত্যের মাঝেই রয়েছে মুক্তি ও প্রশান্তি। আল্লাহ তায়ালা মিথ্যা থেকে বিরত থাকতে সরাসরি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘সুতরাং তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে বিরত থাকো।’ (সূরা হজ-৩০)
চার পাশে আজ মিথ্যা ও প্রতারণার ছড়াছড়ি। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, খাদ্যে ভেজাল, ব্যবসায় মিথ্যা তথ্য দিয়ে অধিক মুনাফা অর্জন, অপরের চরিত্র হনন ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা চার পাশে আজ বিস্তৃত। অথচ সত্যবাদিতা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। কখনো কোনো মুমিন মিথ্যাবাদী হতে পারে না। হাদিসে এসেছে, ‘রাসূলুল্লাহ সা:-কে জিজ্ঞাসা করা হলো, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি বললেন, হ্যাঁ। আবার জিজ্ঞাসা করা হলো, মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর জিজ্ঞাসা করা হলো, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি বললেন, না।’ (মুয়াত্তা ইমাম মালেক-১৮০১)
মজার ছলে মিথ্যা বলা : মিথ্যা বলে লোক হাসানো, অপরকে ভয় দেখানো, কাউকে পচানো, ছোট করা, উপহাস করা- সাধারণত এমনই উদ্দেশ্যে হয় এ মিথ্যা। এ ধরনের মিথ্যার পেছনে সবসময় খারাপ উদ্দেশ্য নাও থাকতে পারে; কিন্তু নিছক মজার ছলে বলা কথাও অপরের মনে এঁকে দিতে পারে ক্ষত, কিংবা অপমানের দাগ। এমনকি ভীত ও আত্মমর্যাদার সাথেও সাংঘর্ষিক হতে দেখা যায় এ ধরনের মিথ্যা মজার শিকার হওয়া ব্যক্তির। উদাহরণস্বরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাউকে অপরের বউ কিংবা স্বামী বানিয়ে ফেসবুকে আপলোড দিয়ে মজা করা হয় অনায়াসেই। এভাবে কাউকে পুরোপুরি বিবাহিত হিসেবে সমাজে প্রতিষ্ঠিতও করে ফেলা হয়, যা ভুক্তভোগী ব্যক্তির জন্য অস্বস্তিকরই বটে। আবার কারো ছবি ব্যবহার করে তার নামে কোনো মিথ্যা উক্তি বর্ণনা করে তৈরীকৃত মিম চোখের সামনে যেন প্রতিদিনই আসে। কিংবা ধরুন আপনি আপনার বন্ধুর মোবাইল ফোন তাকে না জানিয়ে লুকিয়ে ফেললেন। সে বারবার বললেও বললেন, আপনি জানেন না। এভাবে আপনার মজা আপনার বন্ধুর জন্য ভীতিকর হয়ে পড়ল। এ ছাড়াও ধরুন আপনি কাউকে নিয়ে মিথ্যা গল্প উপস্থাপন করলেন শুধু অপরকে হাসানোর জন্য অথবা আপনার দিকে দৃষ্টি আকর্ষণের জন্য- এ ধরনের নিছক মজার ছলে মিথ্যা বলাকেও ইসলাম কোন দৃষ্টিতে দেখে সেটি গুরুত্বপূর্ণ। মজা করে হলেও অপরকে অস্বস্তিতে ফেলার অনুমোদন ইসলাম আমাদের দেয় না।
ইসলামে হাসিঠাট্টার সীমারেখা : ইসলামে হাসিঠাট্টা, বিনোদন অবৈধ নয়; বরং ইসলাম আনন্দ ও সত্য বিনোদনকে সমর্থন করে। রাসূলুল্লাহ সা: কি মজা করতেন না? সাহাবায়ে কেরামের সময় হাসিতামাশা ছিল না? উত্তর হলো, ছিল। তারাও মজা করতেন, তবে মিথ্যা দিয়ে নয়। হাদিসে এসেছে, সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি তো আমাদের সাথে কৌতুকও করে থাকেন।’ তিনি বললেন, ‘আমি শুধু সত্য কথাই বলে থাকি (এমনকি কৌতুকেও)।’ (সুনানে তিরমিজি : ১৯৯০) 
রাসূলুল্লাহ সা: বিভিন্ন সময় রসিকতা করতেন। তবে তিনি কখনোই মিথ্যার আশ্রয় নিতেন না। যেমনটি হজরত আনাস রা: থেকে বর্ণিত, একদা এক লোক নবী সা:-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! আমাকে একটি আরোহীর ব্যবস্থা করে দিন।’ নবী সা: বললেন, ‘আমি তোমাকে আরোহণের জন্য একটি উষ্ট্রীর বাচ্চা দেবো।’ তখন লোকটি বলল, ‘উষ্ট্রীর বাচ্চা দিয়ে আমি কী করব?’ নবী সা: বললেন, ‘উটকে তো উষ্ট্রীই জন্ম দেয়।’ (সুনানে আবু দাউদ : ৪৯৯৮) অর্থাৎ প্রত্যেক উট কোনো না কোনো উটের বাচ্চাই তো। তিনি কোনো মিথ্যা বলেননি। একবার রাসূলুল্লাহ সা: তাঁর খাদেম আনাস রা:-কে মজা করে সম্বোধন করেছিলেন এই বলে যে, ‘ওহে দুই কানওয়ালা’! (সুনানে আবু দাউদ : ৫০০২) মানুষের কান তো দুইটাই। এ ধরনের সম্বোধনে কেউ অপমানিত হবে না; বরং মজাই পাবে। এমনই মধুর বিনোদনের শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এবং মিথ্যা থেকে করেছে সতর্ক।
মজার ছলে মিথ্যা বলা জায়েজ নয় : রাসূলুল্লাহ সা: কাউকে হাসানোর জন্যও মিথ্যা বলতে নিষেধ করেছেন। এমনকি বলছেন, এ ধরনের মিথ্যা তার জন্য ধ্বংসের কারণ। মুয়াবিয়া ইবনুল হায়দা রা: থেকে বর্ণিত, তার দাদা বলেন, রাসূলুল্লাহ সা:-কে আমি বলতে শুনেছি, ‘সেই ব্যক্তি ধ্বংস হোক যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে। সে ধ্বংস হোক, সে নিপাত যাক। (সুনানে তিরমিজি : ২৩১৫)
রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘সত্য পুণ্যের দিকে পরিচালিত করে আর পুণ্য জান্নাতের দিকে। আর মানুষ সত্যের ওপর অটল থেকে অবশেষে সিদ্দিক হয়ে ওঠে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়।’ (সহিহ বোখারি : ৬০৯৪) রাসূলুল্লাহ সা: ঠাট্টার ছলে মিথ্যা পরিহার করলে তার জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হবো।’ (সুনানে আবু দাউদ : ৪৮০০)
মজার ছলে জিনিস লুকানো : মজা করার জন্য যে কোনো বন্ধুর জিনিস লুকিয়ে ফেলে তাকে অনবরত মিথ্যা বলাকে সাধারণত গুনাহ বলে মনে করা হয় না। রাসূলুল্লাহ সা:-এর এ সম্পর্কিত অত্যন্ত স্পষ্ট বক্তব্য রয়েছে। তিনি বলেন, ‘তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোনো জিনিস না নেয়, খেলাচ্ছলেই হোক কিংবা বাস্তবিকই হোক। আর কেউ তার কোনো ভাইয়ের লাঠি নিয়ে থাকলে তা যেন ফিরিয়ে দেয়। (সুনানে আবু দাউদ : ৫০০৩) গুরুত্বপূর্ণ বিষয় হলো, বন্ধুত্বের সম্পর্ক থাকলেই বন্ধুর ব্যক্তিগত সম্পদ নিয়ে ইচ্ছামতো মজা করার অধিকার তৈরি হয় না। এমনকি জিনিসটি সামান্য সময়ের জন্য লুকানো হলেও বন্ধুর অসুবিধা, ভয়, ক্ষতি বা মানসিক কষ্টের কারণ হলে তা অন্যায়, যা ইসলাম আমাদেরকে নিষেধ করে। একবার সাহাবিরা রাসূলুল্লাহ সা:-এর সাথে সফরে ছিলেন। তাঁদের একজন ঘুমিয়ে পড়লে অন্য একজন (মজার ছলে) তাঁর দড়ি নিয়ে নেন। এতে ঘুমন্ত ব্যক্তি ভয় পেয়ে যান। তখন রাসূলুল্লাহ সা: বলেন, ‘কোনো মুসলমানের জন্য অন্য মুসলমানকে ভয় দেখানো বৈধ নয়।’ (সুনানে আবু দাউদ : ৫০০৪)
মিথ্যা বলার পরিণাম-পরিণতি : মিথ্যা বলা ইসলামে শাস্তিযোগ্য অপরাধ। মহান আল্লাহ তায়ালার অভিসম্পাত পতিত হয় মিথ্যাবাদীদের ওপর। যদিও মজা করে মিথ্যা বলার ক্ষেত্রে এত কঠিন শাস্তি না বর্তাতে পারে, তবুও এ ক্ষেত্রে এটাও সাবধানবাণী। পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে, ‘অতঃপর আমরা মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিশাপ বর্ষণ করি।’ (সূরা আলে ইমরান : ৬১) মিথ্যা বলার স্বভাব মানুষকে আল্লাহ তায়ালার হেদায়াত থেকে দূরে রাখে। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে হেদায়াত দেন না।’ (সূরা মুমিন : ২৮) তা ছাড়া মিথ্যা বলা হলো মুনাফিকের প্রধান আলামত। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মুনাফিকের আলামত তিনটি। ১. যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, ২. যখন সে ওয়াদা করে, তখন তা ভঙ্গ করে এবং ৩. যখন তার কাছে আমানত রাখা হয় সে তা খেয়ানত করে।’ (সহিহ বোখারি : ৬০৯৫) 
আখিরাতে মিথ্যাবাদীর ভয়াবহ শাস্তি রাসূলুল্লাহ সা:-কে স্বপ্নে প্রদর্শন করা হয়েছে। একদা রাসূলুল্লাহ সা: তা সাহাবিদের সামনে বর্ণনা করেছিলেন। স্বপ্নে রাসূলুল্লাহ সা:-কে বলা হলো, ‘আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন যে, তার মুখের এক ভাগ মাথার পেছন দিক পর্যন্ত, নাকের ছিদ্র এবং চোখ পেছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে, সে এমন ব্যক্তি, যে সকালবেলা ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা কথা বলে, যা চার দিকে ছড়িয়ে পড়ে।’ (সহি বোখারি : ৭০৪৭)
বিরত থাকতে করণীয় : মজার ছলে মিথ্যা সম্পর্কে যদি ইসলামের অবস্থান এমন হয় তবে আরো বড় বড় ক্ষেত্রে মিথ্যার পরিণাম কী হবে! সবধরনের মিথ্যা থেকে সব মুসলমানকে বেঁচে থাকতে হবে। আর মজার ছলে বর্তমানের ডিজিটাল মিথ্যাগুলো সম্পর্কে বেঁচে থাকার পাশাপাশি সতর্ক থাকাও জরুরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মিথ্যা ফটোকার্ড তৈরি করে কারো সম্মানহানি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। হোক চাই সেটি শুধু মজার জন্য। কারো মিথ্যা ফেস তৈরি করা, কণ্ঠ নকল করাও নিষিদ্ধ। সত্যই সর্বদা সুন্দর। আর মিথ্যা হলো ধোঁকা, প্রতারণা, নিকৃষ্ট ও কলুষ। নিজে সত্য বলা এবং সত্যবাদীদের সাথে থাকা সর্বদাই জরুরি। আল্লাহ তায়ালা এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।’ (সূরা তাওবাহ : ১১৯)
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- অনলাইনে কোনো কিছু দেখা মাত্রই তা বিশ্বাস করা থেকে বিরত থাকা জরুরি। কারো কোনো কথা শুনেই কিংবা অনলাইনে কিছু দেখেই বিশ্বাস না করে যথাসম্ভব যাচাই করেই তবে বিশ্বাস করা উচিত। বলা হয়ে থাকে, যুগটা হলো মিথ্যার। এখানে সর্বদা সত্য বলাই বরং মাঝে মধ্যে বিপদ ডেকে আনতে পারে। তাই এই সমাজব্যবস্থায় যথাসম্ভব সত্যের ওপর অটল থাকতে পারা অত্যন্ত মহৎ ও ফজিলতপূর্ণ কাজ হিসেবেই আল্লাহর কাছে বিবেচিত হবে ইনশাআল্লাহ।
লেখক : শিক্ষার্থী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।