
নিজস্ব প্রতিবেদক
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। তবে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তদন্ত ও মামলা নজিরবিহীন হওয়ায় তদন্ত শেষ করতে সময় লাগবে। এখনই তদন্তের সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। এ দিকে আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৪ নভেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী এম এইচ তামীম এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দেশব্যাপী তদন্ত করছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। ফলে তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে। তদন্তের সময়সীমা সম্পর্কে এখনই সুনির্দিষ্ট করে বলা কঠিন।
দেশজুড়ে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের বিষয়ে প্রসিকিউটর তামীম বলেন, তদন্তটি দেশব্যাপী হওয়ায় এর পরিধি ব্যাপক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সময় সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা একটি রায়ের আলোকে দলটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ গঠন করা হয়েছিল। ওই চার্জ প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশব্যাপী বর্তমানে যে কার্যক্রম দেখা যাচ্ছে, ওই রায়ে হয়েছে তার প্রতিফলন।
জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য শেষ : আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ কারণে আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে এ দিন সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন তিনি।
সাফাই সাক্ষ্য শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামীম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চায় প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেন। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পূবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে।
তৃতীয় অভিযোগেও একই সময়ের মধ্যে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যার উল্লেখ করেছে প্রসিকিউশন।
এসব হত্যা অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









