ব্যাংকগুলো ধুঁকছে, সম্পদ উদ্ধারই বড় চ্যালেঞ্জ
ads

  • আমানতকারীরা ঘুরছেন ব্যাংকের পেছনে
  • পাচারকারীদের বিদেশে বিলাসী জীবনযাপন
  • ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ, দেশে ফিরেছে কত?

গত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক খাত লুটপাটের অন্যতম প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছিল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতা, রাজনৈতিক প্রভাব এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগে একটি প্রভাবশালী অলিগার্ক শ্রেণী গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠীর সদস্যরা রাতে দেশের প্রতিষ্ঠিত ব্যাংকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। ব্যাংক লুটের অন্যতম আলোচিত নাম এস আলম একাই ইসলামী ব্যাংকসহ দেশের আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছিলেন। এসব প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে বিপুল অর্থ বের করে নেয়া হয়। আর লুটপাটের বড় একটি অংশই বিদেশে পাচার করা হয়েছে বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলমের বিরুদ্ধে প্রায় দেড় লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও আগের সরকারের রেখে যাওয়া উদ্যোগগুলোকে আরো গতিশীল করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন- পাচার হওয়া অর্থ ও সম্পদ আদৌ দেশে ফিরবে কি না আর ফিরলেও কতটা ফিরবে?
অন্য দিকে অর্থ লুটপাটের শিকার ব্যাংকগুলো এখনো আর্থিক সঙ্কটে ধুঁকছে। কোনো কোনো ব্যাংকের অস্তিত্বই গভীর সঙ্কটে পড়েছে। পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। অন্য ব্যাংকগুলোর অবস্থাও নাজুক। আমানতকারীদের অনেকে নিজেদের জমানো অর্থ ফেরত পেতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন। সাবেক ও বর্তমান ব্যাংকারদের কেউ কেউ মামলার আসামি হয়ে আদালতের বারান্দায় ঘুরছেন, আবার কেউ কারাবাস করছেন। অথচ ব্যাংক লুটের সাথে জড়িতদের অনেকে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। 
অর্থাৎ একটি গোষ্ঠীর লুটপাটের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে পুরো ব্যাংক খাতকে। খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ ও আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার প্রশ্নও সামনে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে-বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ আদালতের নির্দেশে জব্দ ও অবরুদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক আইন ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, বিদেশে সম্পদের অবস্থান শনাক্ত এবং দেওয়ানি মামলা দায়েরের মাধ্যমে অর্থ ফেরানোর প্রক্রিয়াও এগোচ্ছে। তবে সম্পদ শনাক্ত ও জব্দের নির্দেশের তুলনায় প্রকৃত অর্থ দেশে ফেরত আনার অগ্রগতি এখনো সীমিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, পাচার হওয়া অর্থের উল্লেখযোগ্য অংশ দেশে ফিরিয়ে আনতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফারহানুল গণি চৌধুরী গত ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জানান, অর্থ পাচার করে বিদেশে নেয়া সম্পদ উদ্ধারে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি আইনি পদক্ষেপও নেয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোকে বাদি করে বিদেশী আইনগত প্রতিষ্ঠানের সহায়তায় সম্পদ শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে। প্রথম পর্যায়ের ছয়টি মামলার মধ্যে তিনটিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে বিদেশী আদালতে আইনি লড়াই, সম্পদের প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা এবং বিভিন্ন দেশে অর্থের গতিপথ অনুসন্ধানে দীর্ঘ সময় প্রয়োজন হবে।
৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ : অর্থ পাচারের বিরুদ্ধে চলমান উদ্যোগে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতির একটি হলো বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার জন্য আদালতের নির্দেশ পাওয়া। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংসদে দেয়া তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দেশে ও বিদেশে প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।
এর মধ্যে দেশের অভ্যন্তরে স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৯ হাজার ৯১৮ কোটি ৮৬ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ প্রায় ৪৭ হাজার ২৪৯ কোটি ২৩ লাখ টাকা। বিদেশে স্থাবর সম্পদের ক্ষেত্রে জব্দের নির্দেশ রয়েছে প্রায় ১৫ হাজার ১১১ কোটি ৯২ লাখ টাকার এবং অস্থাবর সম্পদের ক্ষেত্রে প্রায় ৪ হাজার ৫৩৩ কোটি ৯৯ লাখ টাকার।
তবে এসব সম্পদ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে এসেছে- এমন ধারণা সঠিক নয়। বিশেষ করে বিদেশে আদালতের জব্দের নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট দেশের আদালত ও কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে আদালতের নির্দেশ থাকলেও বিদেশে তা বাস্তবায়নের জন্য স্থানীয় আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্সের উপদেষ্টা ১৬ নভেম্বর জানান, বিদেশে প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ এখনো সংশ্লিষ্ট দেশগুলোতে পুরোপুরি কার্যকর হয়নি। তবে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে কিছু সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ করা সম্ভব হয়েছে।
এখানেই সম্পদ উদ্ধারের উদ্যোগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আদালতের নির্দেশ, সম্পদ অবরুদ্ধ করা এবং সেই সম্পদ বিক্রি বা হস্তান্তর করে অর্থ দেশে ফেরত আনা- তিনটি সম্পূর্ণ আলাদা আইনি ও প্রশাসনিক ধাপ।
ছয়টি বড় গোষ্ঠীকে ঘিরে প্রথম পর্যায়ের উদ্যোগ : অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত বড় ব্যবসায়ী গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ ও ওরিয়ন গ্রুপ-সংশ্লিষ্ট অভিযোগ।
এ ছাড়া আরো কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের সম্পদ ও অর্থের উৎস নিয়ে তদন্ত চলছে। এসব তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস গোয়েন্দা বিভাগ যুক্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০২৪ সালের অক্টোবরে গঠিত টাস্কফোর্স অর্থ পাচারের অর্থ ও সম্পদ শনাক্তে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিচ্ছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার, বিশ্বব্যাংক ও জাতিসঙ্ঘের মাদক ও অপরাধবিষয়ক দফতরের যৌথ উদ্যোগ স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ (স্টার) এবং সুইজারল্যান্ডভিত্তিক বেসেল ইনস্টিটিউট অন গভর্ন্যান্সের ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি।
সিকদার গ্রুপের ৫০০ মিলিয়ন ডলারের সম্পদ শনাক্ত : সম্পদ শনাক্তের ক্ষেত্রে সম্প্রতি উল্লেখযোগ্য তথ্য এসেছে সিকদার গ্রুপকে ঘিরে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বরাত দিয়ে ১৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশী একটি আইনগত প্রতিষ্ঠান সিকদার গ্রুপের প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্পদের অবস্থান শনাক্ত করেছে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঋণসংক্রান্ত নথি, খেলাপি ঋণের হিসাব এবং ব্যক্তিগত গ্যারান্টি পর্যালোচনা করা হয়েছে। বিদেশী আইনজীবীরা এসব নথি দেওয়ানি আইনি পদক্ষেপ নেয়ার উপযোগী বলে মনে করছেন। তবে সম্পদ শনাক্ত হওয়া মানেই অর্থ উদ্ধার হয়ে যাওয়া নয়। সংশ্লিষ্ট সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং ঋণ জালিয়াতির সাথে সংশ্লিষ্টতার বিষয়টি বিদেশী আদালতে প্রমাণ করতে হবে।
সিকদার গ্রুপ-সংশ্লিষ্ট খেলাপি ঋণের পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি বলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই বিপুল অর্থের কতটা বাস্তবে উদ্ধার করা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়।
৪২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন উদ্যোগ : প্রথম পর্যায়ের ছয়টি মামলার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে বড় অঙ্কের ঋণখেলাপি ৪২টি প্রতিষ্ঠানকে নিয়ে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠানের প্রত্যেকটির খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা এবং তাদের অর্থ বিদেশে পাচারের তথ্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংক আটটি আন্তর্জাতিক আইন ও ফরেনসিক পরামর্শক প্রতিষ্ঠানের তালিকা ব্যাংকগুলোকে দিয়েছে। প্রায় ৩৫টি ঋণদাতা ব্যাংক এসব প্রতিষ্ঠানের সাথে তথ্য বিনিময় ও সম্পদ অনুসন্ধানে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাজ হবে ঋণগ্রহীতাদের বিদেশে থাকা সম্পদ, বিনিয়োগ, কোম্পানি ও স্থাবর-অস্থাবর সম্পত্তির অবস্থান শনাক্ত করা এবং সংশ্লিষ্ট দেশের আইনে সেগুলো জব্দ বা উদ্ধারের ব্যবস্থা করা।
এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সাথে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের গোপনীয়তা চুক্তি (এনডিএ) করা হচ্ছে। পাশাপাশি ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে কাজের ব্যবস্থাও নেয়া হচ্ছে, যাতে অর্থ উদ্ধার না হলে ব্যাংকগুলোকে বড় অঙ্কের আগাম ফি দিতে না হয়।
১৪২ মামলা, দেওয়ানি প্রক্রিয়ায় নতুন গতি : অর্থ পাচারের অর্থ উদ্ধারে শুধু অপরাধের তদন্ত নয়, ঋণ আদায়ের দেওয়ানি প্রক্রিয়াকেও গুরুত্ব দেয়া হচ্ছে। অর্থমন্ত্রীর সংসদে দেয়া আগের তথ্য অনুযায়ী, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১৪২টি মামলা করা হয়েছিল। এর মধ্যে ১৬টির অভিযোগপত্র দাখিল এবং ছয়টির রায় হয়েছে।
অন্য দিকে ১৬ নভেম্বরের সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের উপদেষ্টা জানান, নতুন করে ৪০টি দেওয়ানি মামলা-সংক্রান্ত উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ের ছয়টি দেওয়ানি মামলার মধ্যে তিনটিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিভিন্ন ব্যাংক বিদেশী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নিজেদের পাওনা আদায়ের জন্যও আইনি পদক্ষেপ নিচ্ছে।
এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আগে মূলত অপরাধের তদন্ত ও ফৌজদারি মামলার মাধ্যমে সম্পদ উদ্ধারের চেষ্টা করা হলেও এখন ব্যাংকগুলো নিজেরাই বিদেশে দেওয়ানি মামলা করে ঋণের অর্থ ফেরত আনার চেষ্টা করছে। এতে ব্যাংকের ঋণ আদায়ের অধিকার সরাসরি কাজে লাগানো সম্ভব হবে। তবে ফৌজদারি ও দেওয়ানি মামলা সমান্তরালে পরিচালনার ক্ষেত্রে সমন্বয় জরুরি। একই সম্পদ নিয়ে একাধিক আইনি প্রক্রিয়া চললে মালিকানা প্রতিষ্ঠা, সম্পদ বাজেয়াপ্ত এবং পাওনা আদায়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে।
খেলাপি ঋণের পাহাড়, ব্যাংক খাতে বাড়ছে চাপ : সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের গুরুত্ব বোঝা যায় দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের চিত্র থেকে। ২২ নভেম্বর প্রকাশিত বাসস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
এ অবস্থায় শুধু অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত বড় ঋণগ্রহীতাদের সম্পদ উদ্ধার নয়, সামগ্রিক ব্যাংক খাতে ঋণ আদায়ের সক্ষমতা বাড়ানোও জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে বিশেষ প্রস্থান সুবিধা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার এবং ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তবে বড় ঋণখেলাপিদের ক্ষেত্রে শুধু ঋণ পুনঃতফসিল বা সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। ঋণের প্রকৃত সুবিধাভোগী কারা, অর্থ কোথায় ব্যয় হয়েছে, ঋণ অনুমোদনে জড়িত ব্যক্তিদের ভূমিকা কী ছিল এবং জামানতের বাস্তব অবস্থা কী- এসব বিষয় নিরপেক্ষভাবে অনুসন্ধান করতে হবে।
অর্থ ফেরাতে বড় বাধা বিদেশী আইনি প্রক্রিয়া
অর্থ পাচার করে বিদেশে নেয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থের প্রকৃত মালিকানা ও উৎস প্রমাণ করা। পাচারকারীরা সাধারণত বিভিন্ন দেশ, কোম্পানি, ট্রাস্ট ও ব্যক্তির নামে সম্পদ স্থানান্তর করেন। একাধিক স্তরে অর্থ স্থানান্তরের কারণে প্রকৃত মালিক বা বেনিফিশিয়াল ওনার শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্সের উপদেষ্টার মতে, দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে। পুরো প্রক্রিয়ায় অর্থ দেশে ফিরিয়ে আনতে পাঁচ থেকে ১০ বছরও প্রয়োজন হতে পারে। বিদেশী আদালতে মামলা পরিচালনা ব্যয়বহুল হওয়ায় তৃতীয় পক্ষের অর্থায়ন বা লিটিগেশন ফান্ডিংয়ের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া বিদেশী ব্যাংক হিসাব, শেল কোম্পানি, ট্রাস্ট, নামসর্বস্ব প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বিনিয়োগের তথ্য সংগ্রহে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। সংশ্লিষ্ট দেশগুলোর আইনি সহায়তা, তথ্য বিনিময় এবং সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়ায় বিলম্ব হলে বাংলাদেশের আদালতের নির্দেশ কার্যকর করাও কঠিন হয়ে পড়বে।
সব মিলিয়ে অর্থ পাচারকারীদের সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আগের তুলনায় প্রাতিষ্ঠানিক ও আইনি উদ্যোগ বাড়িয়েছে। বিদেশে সম্পদ শনাক্ত, আদালতের জব্দের নির্দেশ, আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ ও দেওয়ানি মামলা- সব ক্ষেত্রেই অগ্রগতি রয়েছে। কিন্তু এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে শেষ পর্যন্ত কত টাকা দেশের ব্যাংক ও অর্থনীতিতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, তার ওপর।
শুধু কত টাকার সম্পদ শনাক্ত বা জব্দের নির্দেশ দেয়া হয়েছে, সেই পরিসংখ্যান দিয়ে সাফল্য বিচার করা যাবে না। বরং কত সম্পদ বাস্তবে দখলে এসেছে, কত টাকা ব্যাংকের হিসাবে জমা হয়েছে, কত ঋণ আদায় হয়েছে এবং আমানতকারীরা কতটা অর্থ ফেরত পেয়েছেন- এসব তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে। কারণ অর্থ পাচারকারীদের সম্পদ উদ্ধার শুধু সরকারের আর্থিক পুনরুদ্ধারের বিষয় নয়; এটি ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারীদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠারও বড় পরীক্ষা।