জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান আমরা ভুলব না
অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশীদের অবদান আমরা কখনো ভুলব না। দেশের গণমাধ্যম যখন আমাদের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এজন্য অনেকে গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার। গতকাল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতিতে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তৃতা করেন, পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল আবদুল্লাহ এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা শুধু রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশীরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সাথে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে গেলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের আমরা রেমিট্যান্সযোদ্ধা বলি, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আমরা অতীতেও সোচ্চার ছিলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা এর প্রতিবাদ জানাব।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তারা মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারো কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব। যাদের চোখ নেই, তারাও বলেছেন, অন্যের হাত ধরে হলেও তারা দেশের প্রয়োজনে এগিয়ে যাবেন। একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এই মায়েরা, এই যোদ্ধারা আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তারা আবারো জেগে উঠবেন, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাক্সক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাক্সক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসব না।
তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা তাদের সহযোগিতা করব। আমাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সাথে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেবো। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
তরুণদের সাথে মতবিনিময় : ‘প্রবাসী বাংলাদেশী এক্সক্লুসিভ ইয়ুথ সেশন : চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক অপর এক অনুষ্ঠানে তরুণদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রপার এডুকেশন, মোরাল এডুকেশন এবং আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, জাতির তথা উম্মাহর বৃহত্তম কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
জামায়াত আমির উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।