এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান এসএমই খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করেন : পিআইডি।
ads

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আগামী চার বছরে এসএমই খাতে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।  
গতকাল রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ এবং ‘ ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ জিআই ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধন ও সহায়তা এবং দেশী-বিদেশী ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। 
তিনি বলেন, নারী কিংবা পুরুষ যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে আমরা আশা করছি, আগামী চার বছরে ইনশাআল্লাহ ২৫  হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে ।
প্রধানমন্ত্রী বলেন,  সরকার চায় দেশে এসএমই বিকাশের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্র এবং কর্ম সক্ষম মানুষ ব্যবসাবাণিজ্যসহ বিভিন্ন উৎপাদনশীল কাজে সক্রিয় হোক । ‘দেশ-বিদেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার ইতোমধ্যে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এই নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করা হবে । 
এই নীতিমালার রূপকল্প হবে অর্থাৎ মূল বিষয়টি হবে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব এবং এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠা। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। 
অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য : প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশী-বিদেশী মূল্যশৃঙ্খলের সাথে যুক্ত করতে হবে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রপাতি সরবরাহকারী, উপকরণ প্রস্তুতকারক এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে। এটি এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি, আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। এ নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে উৎপাদন ও রফতানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এসএমই পণ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সারা দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই ) অংশগ্রহণ  করছে।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন শিল্পসচিব আব্দুন নাসের খান এবং বিজয়ীদের পক্ষে ফারজানা ইসলাম মৌরী বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানে আট শ্রেণীতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হানিয়াম মারিয়া চৌধুরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) সৈয়দ আমিনুল কবির, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) এস এম ফারুক হাসান, বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান আইপেজ গ্লোবালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেসের হামিদ হাসান আলভী এবং বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা মো: মুসনাদ-ই আহমদ এবং বিশেষ উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া ।
এসএমই সরকারের অগ্রাধিকার খাত : প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে হলে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যবিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তবে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সঙ্কট এবং বিপণন সমস্যাকে এ খাতের বিকাশের বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ব্যবসায় প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ : উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনা সহজ করতে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে অযথা দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। সরকার এসব প্রক্রিয়া সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করছে। পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, শুধু চাকরির সন্ধানে বছরের পর বছর ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশী পণ্যের চাহিদা তৈরিতে সরকার উদ্যোগ নেবে।
নারী উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব : প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেক নারী ঘরে বসেই ব্যবসা পরিচালনা করছেন। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের।
নারীরা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে কাজ করছেন। অনেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের পণ্য বাজারজাত করছেন। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে।
নতুন পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের আহ্বান : তৈরী পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে। নতুন নতুন পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নেয়ার সময় এসেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে তৈরী পোশাকশিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির যে ধারা শুরু করেছিলেন, তা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন উদ্যোক্তা তৈরিতে ইতালির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্প ক্ল¬াস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদন ও রফতানিকারক দেশে পরিণত হয়েছে। দেশটির শিল্প খাতের বড় অংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠাননির্ভর।
‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচি : প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ বা ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতায় এনে স্থানীয় ঐতিহ্য ও সৃজনশীল পণ্যের বিকাশ ঘটানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে ন্যাশনাল ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আধুনিক ডিজাইন, উন্নত মান ও আকর্ষণীয় প্যাকেজিংয়ের মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্ববাজারে পরিচিত করতে বেসরকারি উদ্যোগকেও সরকার সহায়তা দেবে।
বিদেশে এসএমই মেলা আয়োজনের পরিকল্পনা : বাংলাদেশী উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করার লক্ষ্যে বিদেশে মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসে সরকারি উদ্যোগে একটি আন্তর্জাতিক মেলার আয়োজন করা যায় কি না, সে বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সেখানে দেশের এসএমই উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন।
সম্প্রতি তুরস্কে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পণ্যের প্রদর্শনীর অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানে পাটজাত পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্যের প্রতি বিদেশী ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। তবে ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্ডার নেয়ার পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। ভবিষ্যতে বিদেশে মেলা আয়োজনের ক্ষেত্রে অর্ডার গ্রহণ ও সরবরাহের কার্যকর ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, আন্তর্জাতিক মেলায় শুধু পণ্য প্রদর্শন নয়, সরাসরি ক্রয়াদেশ গ্রহণের ব্যবস্থাও থাকতে হবে। এতে দেশীয় উদ্যোক্তারা বিদেশী ক্রেতাদের সাথে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারবেন।