
কক্সবাজার সমুদ্রসৈকত আজ এক অদ্ভুত অসহায়ত্বের মুখে। দীর্ঘ বালিয়াড়ি আর ঝাউবন যুগের পর যুগ ধরে এই উপকূলকে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে আগলে রেখেছে। অথচ উন্নয়নের নামে সেই প্রাকৃতিক বর্মের বুকচিরে এখন চলছে নির্বিচারে স্থাপনা নির্মাণের মহোৎসব। শৈবাল পয়েন্টে কার্নিভালের নামে চলছে ঝাউগাছ নিধন। এই আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত দিতে হবে লাখ লাখ মানুষকে।
জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে। এর ফলে প্রাকৃতিক ঝাউবন ও বালিয়াড়ির গুরুত্বও আরো বেশি করে অনুভূত হচ্ছে। কারণ, বালিয়াড়ি স্পঞ্জের মতো সামুদ্রিক জোয়ারের তীব্রতা শুষে নেয়। ঝাউবন বাতাসের গতি কমিয়ে জনপদকে নিরাপদ রাখে। তাই ঝাউবন ও বালিয়াড়ি ধ্বংসের অর্থ আমাদের নিরাপত্তার ঢাল উপড়ে ফেলা। স্বল্পমেয়াদি মুনাফার লোভে এই প্রাকৃতিক ঢাল ধ্বংস করার অর্থই আত্মঘাতী ফাঁদে পা দেওয়া।
প্রকৃতি আমাদের যা বিনামূল্যে দেয়, তার অর্থনৈতিক মূল্য মাপা যায় না। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর স্বার্থেই কক্সবাজারের এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
কক্সবাজার সমুদ্রসৈকত সরকার ঘোষিত ‘পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা’ (ইসিএ)। এই এলাকায় প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করে কোনো স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ বা বৃক্ষনিধন দণ্ডনীয় অপরাধ। অথচ আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী সিন্ডিকেট এই অমূল্য সম্পদ ধ্বংসে মেতে উঠেছে। এতে এখানকার অনন্য জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। সাময়িক মুনাফার লোভে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হলে দেশী-বিদেশী পর্যটকরা কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নেবেন। অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। দায়িত্ব পাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও শৈবাল পয়েন্টের ঝাউবাগান দখলের চেষ্টা হলেও তারা সফল হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও একই ধারা চলছে, যা দুঃখজনক।
এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পরিবেশ আইন লঙ্ঘনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, শৈবাল পয়েন্টে চলমান কার্নিভালের নামে ইজারা বা চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা জরুরি।
এইচ এম আবু ছিদ্দিক
সাংবাদিক, কক্সবাজার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









