ভবিষ্যৎ আশাবাদে কেমন অবস্থানে আছে বাংলাদেশ?
ভবিষ্যৎ আশাবাদে কেমন অবস্থানে আছে বাংলাদেশ?।
ads

সাকিবুল হাসান
ভবিষ্যৎ নিয়ে তরুণদের আশাবাদের বৈশ্বিক জরিপে ৪১টি দেশের মধ্যে বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ, যদিও সামান্য ব্যবধানে পিছিয়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তান ও ভারতের চেয়ে। জীবনের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি যাচাই করতে এই গবেষণা চালিয়েছে অক্সফোর্ডের সামার স্কুল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘অক্সফোর্ড স্কলাস্টিকা একাডেমি’।
এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত ভবিষ্যৎ, অর্থনীতি, পরিবেশ, রাজনীতি এবং সামগ্রিক সমাজব্যবস্থা নিয়ে তাদের আশাবাদের বিষয়টি মূল্যায়ন করা হয়। জরিপটি ১০০টি দেশে চালানো হলেও পর্যাপ্ত সাড়া পাওয়ায় ৪১টি দেশের শিক্ষার্থীদের মতামত নিয়ে চূড়ান্ত র‌্যাংকিং তৈরি করা হয়েছে। জরিপে মোট এক হাজার ৪৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। ৪১টি দেশের মধ্যে ৩.৯৪ স্কোর নিয়ে পাকিস্তান সামগ্রিকভাবে ১৪তম স্থানে রয়েছে, যা তালিকার শীর্ষ এক-তৃতীয়াংশের অন্তর্ভুক্ত। দেশটি সামান্য ব্যবধানে ভারত (৩.৯৩) এবং বাংলাদেশকে (৩.৯২) পেছনে ফেলেছে।
পরিবেশের ভবিষ্যৎ নিয়ে বিশ্বের সবচেয়ে আশাবাদী শিক্ষার্থীদের তালিকায় পাকিস্তানের শিক্ষার্থীরা সপ্তম স্থানে রয়েছে। পরিবেশগত আশাবাদের ক্ষেত্রে পাকিস্তানি শিক্ষার্থীরা ৩.৭৩ স্কোর করেছে, যা জরিপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সপ্তম সর্বোচ্চ। এক্ষেত্রে তারা কানাডা (৩.৬৭), যুক্তরাষ্ট্র (৩.৫৮) এবং যুক্তরাজ্যের (৩.০৬) চেয়ে এগিয়ে রয়েছে।
পাকিস্তানের শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ভবিষ্যৎ (৪.৫৫) এবং সমাজের ভবিষ্যৎ (৪.০৫) নিয়েও বেশ আত্মবিশ্বাসী। সমাজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের তালিকায় পাকিস্তান ১৩তম স্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্রের (২৪তম) চেয়ে অনেক এগিয়ে। তবে রাজনীতির ক্ষেত্রে তাদের আশাবাদ সবচেয়ে কম, মাত্র ৩.২৭। তবুও এই স্কোর জার্মানি (৩.২১), যুক্তরাজ্য (৩.০৪) এবং ফ্রান্সের (২.৩৮) চেয়ে বেশি।
সামগ্রিক র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির শিক্ষার্থীরা পরিবেশগত আশাবাদে সর্বোচ্চ ৪.৬২ এবং ব্যক্তিগত ভবিষ্যতের ক্ষেত্রে ৪.৭৫ স্কোর করেছে। সাম্প্র্রতিক বছরগুলোতে তীব্র অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা সমাজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, যেখানে তাদের স্কোর ৪.২৫।
৪.৩১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেনিয়া। সমাজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদে দেশটির শিক্ষার্থীরা ৪.৪৩ স্কোর করেছে, যা সাইপ্রাসের সাথে যৌথভাবে সর্বোচ্চ। এছাড়া রাজনৈতিক আশাবাদেও কেনিয়া সব দেশের চেয়ে এগিয়ে (৩.৯৬)।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নেপাল ব্যক্তিগত আশাবাদে পূর্ণ ৫.০০ স্কোর অর্জন করেছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে একমাত্র নেপালই এই বিরল স্কোর গড়েছে। অর্থনৈতিক আশাবাদেও তারা সর্বোচ্চ ৪.৮০ স্কোর করেছে। নি¤œ আয়ের দেশ হওয়া সত্ত্বেও নেপালি শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী।
চতুর্থ স্থানে রয়েছে কাজাখস্তান। দেশটির শিক্ষার্থীদের অর্থনৈতিক আত্মবিশ্বাস বেশ জোরালো (৪.৫৬) এবং রাজনৈতিক আশাবাদে তাদের অবস্থান তৃতীয় (৩.৭৬)।
সামগ্রিক স্কোরে নাইজেরিয়া ৪.০৮ এবং ইন্দোনেশিয়া ৪.০৭ পেয়েছে। নাইজেরিয়ার শিক্ষার্থীদের পরিবেশগত আশাবাদ বেশ শক্তিশালী (৩.৯২), অন্যদিকে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের অর্থনৈতিক আত্মবিশ্বাস বেশি (৪.৪১)।
পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডা সবচেয়ে এগিয়ে; ৪.০৮ স্কোর নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। এরপর রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩.৯৯), জার্মানি (৩.৭৩), যুক্তরাজ্য (৩.৬১) এবং ফ্রান্স (৩.২২)।
তালিকার একদম তলানিতে রয়েছে কুয়েত, যাদের সামগ্রিক স্কোর ২.৯২। দেশটির শিক্ষার্থীরা রাজনৈতিক আশাবাদে (১.৮০) এবং সমাজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসে (২.৪০) সর্বনি¤œ স্কোর করেছে। দ্বিতীয় সর্বনি¤œ অবস্থানে রয়েছে রুয়ান্ডা, যাদের সামগ্রিক স্কোর ৩.২০। সমাজের ভবিষ্যৎ এবং পরিবেশগত আশাবাদ-উভয় ক্ষেত্রেই দেশটির স্কোর বেশ কম (২.৮৩)।
তালিকার নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে তুরস্ক, যাদের স্কোর ৩.২২। রাজনৈতিক আশাবাদে তুরস্ক নিচের দিক থেকে পঞ্চম (২.৫৮) এবং পরিবেশগত স্কোরে চতুর্থ (২.৬২)। ফ্রান্স এবং পোল্যান্ডও সবচেয়ে কম আশাবাদী দেশগুলোর তালিকায় রয়েছে। ফরাসি শিক্ষার্থীরা পরিবেশগত আশাবাদে সর্বনি¤œ ২.২৫ এবং রাজনৈতিক আশাবাদে ২.৩৮ স্কোর করেছে। অন্যদিকে, কুয়েতের পর রাজনৈতিক আশাবাদে দ্বিতীয় সর্বনি¤œ স্কোর পোল্যান্ডের (২.৩০)।
৪১টি দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান ৩৩তম, সামগ্রিক স্কোর ৩.৬১। ব্রিটিশ শিক্ষার্থীরা রাজনৈতিক আশাবাদে ৩.০৪ এবং পরিবেশগত আশাবাদে ৩.০৬ স্কোর করেছে, যা উভয় ক্ষেত্রেই দেশটিকে তালিকার নিচের সারিতে রেখেছে।
জরিপের ফলাফল নিয়ে অক্সফোর্ড স্কলাস্টিকা একাডেমির সহ-পরিচালক লাভিনিয়া অ্যাবেল বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রেই উদ্বেগ ও হতাশার নানা কারণ রয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান, যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলো অন্যতম। কর্মজীবনে প্রবেশের মুখে থাকা তরুণদের জন্য এগুলো বিশেষ চিন্তার কারণ। এই গবেষণায় এসব অনিশ্চয়তার প্রতি বিভিন্ন দেশের তরুণদের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।