রোহিঙ্গা যুবকের জন্মনিবন্ধন-এনআইডি নিয়ে বিতর্ক
ads

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মিয়ানমার থেকে আসা  মো: আয়াজ (২৯) নামে এক ব্যক্তির বাংলাদেশী পরিচয়ে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রাপ্ত নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আয়াজের জন্মনিবন্ধন করা হয়। পরে তার নামে ৪২১৮৪৪০২৪৮ নম্বরের এনআইডি তৈরি হয়। নথিতে ঠিকানা উল্লেখ করা হয়েছে শিকলবাহা ইউনিয়নের বকুল চেয়ারম্যানের বাড়ি। স্থানীয় একাধিক সূত্রের দাবি, আয়াজ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।
নথিতে তার বাবা-মা হিসেবে মো: আলী আহমেদ ও নুর বেগমের নাম রয়েছে। এ ছাড়া তিনজনকে ফুফু ও চাচা পরিচয়ে নিকটাত্মীয় হিসেবে দেখানো হয়েছে। তাদের সাথে প্রকৃত পারিবারিক সম্পর্ক এবং ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি সদস্য ও চেয়ারম্যানের সহযোগিতায় অর্থের বিনিময়ে এসব নথি তৈরি করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, এনআইডি আবেদনে স্থানীয় জনপ্রতিনিধিসহ পাঁচজন শনাক্তকারীর স্বাক্ষর প্রয়োজন হয়। তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।