‘দার-এ-নাজাত’-এ নতুন মোড়, হার্ভার্ড থেকে স্নাতক হচ্ছেন জারিয়াব!
‘দার-এ-নাজাত’-এ নতুন মোড়, হার্ভার্ড থেকে স্নাতক হচ্ছেন জারিয়াব!।
ads

বিনোদন রিপোর্ট 
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দার-এ-নাজাত’-এর প্রধান চরিত্র জারিয়াব হাবিবের (দুরে ফিশান সেলিম) জীবনে নতুন মোড় আসতে যাচ্ছে। বিয়ে নয়, বরং নিজের মানসিক সুস্থতা ফিরিয়ে আনা এবং অসমাপ্ত পড়াশোনা শেষ করাই যে তার জন্য বেশি জরুরি-এমন আলোচনা আগেই উঠেছিল। এবার নতুন একটি ভিডিও সেই সম্ভাবনাকেই আরো জোরালো করেছে। জারিয়াবের বাবা-মা থেকে শুরু করে সদ্যবিবাহিত স্বামী আবু বকর (শেহেরিয়ার মুনাওয়ার)-সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছেন, হতাশা ও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে হলে নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াও হতে পারে সেই পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে জারিয়াবের পক্ষে বিষয়টি সহজ ছিল না। সাবেক প্রেমিক জামিলের (নামির খান) প্রতারণা তার জীবনকে ওলটপালট করে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিদেশে যাওয়ার পর মাঝপথে তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে দেশে ফিরে অন্য এক মেয়েকে বিয়ে করে জামিল। সেই তিক্ত অভিজ্ঞতা জারিয়াবের মনে গভীর ক্ষত তৈরি করে। এরপর থেকে পড়াশোনা কিংবা নিজের ভবিষ্যৎ-কোনো কিছুতেই আগের মতো আগ্রহ খুঁজে পাচ্ছিলেন না তিনি। কিন্তু সম্প্রতি নাটকটির লাইন প্রযোজক আলী জাফরির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জারিয়াবের মানসিকতায় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।