সংক্ষিপ্ত সংবাদ
ads

মা ও ছেলে হত্যায় মৃত্যুদণ্ড

নাটোরে মা ও ছেলেকে জবাই করে হত্যার দায়ে শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সোহানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিন্টুকে খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জানা যায়, মাদকাসক্ত শাহ আলম মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারকে চাপ দিত। ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় সে তার মা বিলকিস বেগম ও ছেলে আলিফ হোসেনকে জবাই করে হত্যা করে। বাবা শাহাদত সরদার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়; চিকিৎসা শেষে তিনি বেঁচে যান। পরে বাবা বাদি হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার টগর জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তারা এ রায়ে সন্তুষ্ট। নাটোর প্রতিনিধি।

ভারতীয় ওষুধ ও মাদক জব্দ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা মাদক এবং ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক কেজি ভারতীয় গাঁজা এবং এক হাজার পিস ভারতীয় ওষুধের ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য তিন লাখ তিন হাজার ৫০০ টাকা। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, রাত ১১টার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রতনপুর মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও ওষুধ উদ্ধার করা হয়। উল্লেখ্য, ডেক্সামেথাসন স্টেরয়েডজাতীয় ওষুধ এবং সাইপ্রোহেপটাডিন অ্যান্টিহিস্টামিন ওষুধ, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনে নানা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়। মুন্সীগঞ্জ (মেহেরপুর) সংবাদদাতা।

বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৪৫) এবং তাদের মেয়ে লিমা খাতুন (১৬)। জানা যায়, রোববার সকালে নিজ বাড়ির সামনের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা দোকানের নিরাপত্তায় স্থাপিত লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমাও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।

নির্মাণাধীন দেয়ালের ছাদ ধসে মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন দেয়ালের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম বোরহান উদ্দীন (২৮)। তিনি মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামের মিয়ার ছেলে। জানা গেছে, রোববার সকালে ওই এলাকার মোজাম্মেল হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের নির্মাণাধীন দেয়ালের সেন্টারিং খোলার সময় ছাদ ধসে নিচে ইট-কংক্রিটের নিচে চাপা পড়েন বোরহান। প্রায় এক ঘণ্টা চেষ্টায় স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ঢালাইয়ের পর নিয়ম অনুযায়ী তিন দিন না যেতেই সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি ফরিদা ইয়াসমিন জানান, পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

ডিমবোঝাই নৌকা ডুবে ক্ষতি

নেত্রকোনার মোহনগঞ্জে ঝামলানর থেকে মোহনগঞ্জ আসার পথে জৈনপুর বাজার সংলগ্ন নদীতে ডিমবোঝাই একটি স্টিলের নৌকা ডুবে গেছে। গত শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকায় প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার ডিম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রুকন। তার দাবি, দুর্ঘটনায় তার প্রায় ছয় লাখ টাকার ডিম নষ্ট হয়েছে। ব্যবসায়ী রুকন জানান, নৌকায় মোট ২৬২ বান্ডিল ডিম ছিল। ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ডুবুরি নামিয়ে ১৭০ বান্ডিল ডিম উদ্ধার করা হয়। উদ্ধার কাজে ডুবুরিদের প্রতি বান্ডিলের জন্য ৩০০ টাকা করে দিতে হয়েছে এবং উদ্ধারকৃত ডিমের অনেক নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর ডিম উদ্ধারে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি, এতে আর্থিক ক্ষতি আরো বেড়েছে। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।

সীমান্তে ১৭ লাখের ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোরে উপজেলার পোড়াগাঁও গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা।

ছিনতাইয়ের টাকা উদ্ধার, গ্রেফতার ৭

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে পাঁচ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে। গত শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সম্রাট, রাশেদ, মোহাম্মদ আবু, জিহান উদ্দীন, জাবেদ, সুমন ওরফে সিসিটিভি এবং লিলু আক্তার। পুলিশ জানায়, আবু ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।

নলডাঙ্গায় ৬টি ককটেল উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়ন (এসআরবি)-৫। উদ্ধার করা ককটেলগুলো নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ রাজশাহী সিপিসি-২। জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নলডাঙ্গা থানার পাটুল নিচাবাজার এলাকা থেকে খোলাবাড়িগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা জানা যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।